ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর মুফতী সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম পীর সাহেব চরমোনাই বলেছেন, সরকার দেশের সম্পদ নষ্ট করে তামাশার নির্বাচনের নামে জনগণকে ধোকা দিচ্ছে। দেশ-বিদেশের প্রবল আপত্তিকে আমলে না নিয়ে সরকার পাতানো একতরফা নির্বাচনের নামে নাটক করছে। বিরোধী দলগুলোকে বাইরে রেখে খালি মাঠে গোল দিচ্ছে।
তিনি বলেন, সরকার নির্বাচনের আগে ঠিক করছে কে বিরোধী দল হবে। এভাবে নির্বাচনের নামে জাতিকে ধোকা দিচ্ছে অবৈধ সরকার। একতরফা নির্বাচন ও নতুন শিক্ষা কারিকুলাম বাতিলের দাবিতে আগামী ২২ ডিসেম্বর শুক্রবার ঢাকায় বিক্ষোভ মিছিল কর্মসূচি ঘোষণা করেন তিনি।
মঙ্গলবার (১৯ ডিসেম্বর) বিকালে পুরানা পল্টনস্থ ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় কার্যালয়ে চলমান রাজনৈতিক পরিস্থিতি পর্যালোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এতে উপস্থিত ছিলেন দলের মহাসচিব প্রিন্সিপাল হাফেজ মাওলানা ইউনুছ আহমাদ, প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক মাহবুবুর রহমান, যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান, মুহাম্মদ আমিনুল ইসলাম ও ইঞ্জিনিয়ার আশরাফুল আলম, সহকারী মহাসচিব হাফেজ মাওলানা শেখ ফজলে বারী মাসউদ ও মাওলানা মুহাম্মদ ইমতিয়াজ আলম ও কেএম আতিকুর রহমান।