দেশ রূপান্তরের জন্মদিন আজ

মুক্তিযুদ্ধের চেতনা, সততার শক্তি, বস্তুনিষ্ঠতার প্রতিচ্ছবি আর দায়িত্বশীলতার প্রতীক দৈনিক দেশ রূপান্তর পূরণ করল সফলতার পাঁচ বছর। পাঁচ পূরণের দিনে দেশ রূপান্তর কার্যালয়ে অনাড়ম্বর কেক কাটার আয়োজনে মঞ্চে উপস্থিত ছিলেন শীর্ষস্থানীয় শিল্পগোষ্ঠী রূপায়ণ গ্রুপের চেয়ারম্যান লিয়াকত আলী খাঁন মুকুল, কো-চেয়ারম্যান ও দেশ রূপান্তরের প্রকাশক মাহির আলী খাঁন রাতুল, ভাইস চেয়ারম্যান সাইফ আলী খাঁন অতুল, রূপায়ণ গ্রুপের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল কালাম আজাদ ও আবদুল গাফফার, দেশ রূপান্তরের ভারপ্রাপ্ত সম্পাদক মোস্তফা মামুন ছাড়াও নানা বিভাগের প্রধানরা।

সবাইকে প্রতিষ্ঠাবার্ষিকীর শুভেচ্ছা জানিয়ে অনুষ্ঠান শুরু করেন প্রধান প্রতিবেদক আশরাফুল হক রাজীব।

তিনি সংক্ষেপে তুলে ধরেন কেমন ছিল পাঁচ বছরের পথচলা! ২০১৮ সালের ২০ ডিসেম্বর অমিত হাবিবের নেতৃত্বে যখন কাগজটা বের হয়, তারপর থেকে এ সময় পর্যন্ত নানা অর্জনের কথা তুলে ধরেন। করোনা মহামারীসহ নানা দুর্যোগে বিনিয়োগকারীরা পত্রিকাটির সঙ্গে থাকার জন্য কৃতজ্ঞতা জানান। এ ছাড়া তিনি নানা বিভাগের অর্জনের কথা তুলে ধরে মোস্তফা মামুনের দৃঢ় নেতৃত্বে সংবাদপত্রসমূহের মধ্যে আলাদা অবস্থান তৈরি করেছে দেশ রূপান্তর সেটি জানান।

সব বিভাগের সাফল্যের কথা বলে প্রধান প্রতিবেদক আশরাফুল হক রাজীব বক্তব্য দিতে আহ্বান করেন দেশ রূপান্তরের প্রকাশক, রূপায়ণ গ্রুপের কো-চেয়ারম্যান মাহির আলী খাঁন রাতুলকে। মাহির আলী খাঁন রাতুল সবাইকে ধন্যবাদ জানিয়ে বলেন, ‘পাঁচটি বছর সংগ্রাম করে সততার সঙ্গে এবং গর্বের সঙ্গে কাজ করে দেশ রূপান্তর সাংবাদিকতায় অনেক অর্জন নিয়ে অতিক্রম করেছে। আমাদের স্বচ্ছতা নিয়ে পাঁচ বছরে কোনো মহল থেকে কোনো প্রশ্ন আসেনি, এটি বিশাল এক অর্জন, এজন্য আমি দেশ রূপান্তরের সবাইকে প্রাণঢালা অভিনন্দন জানাই এবং আশা প্রকাশ করি এ অর্জন আমরা ধরে রাখব।’

দেশ রূপান্তরের বিশেষ প্রতিনিধি সরোয়ার আলম এ সময় সংক্ষিপ্ত বক্তৃতায় পত্রিকার মালিকপক্ষের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, ‘এই দীর্ঘ পাঁচ বছরে মাননীয় চেয়ারম্যান ও কো-চেয়ারম্যানের কেউ আমাদের সাংবাদিকতায় হস্তক্ষেপ করেননি, কেউ কোনো দিন কোনো নিউজ দিয়ে বলেননি এটা ছাপতে হবে বা এটা করতে হবে, প্রতিষ্ঠানকে প্রতিষ্ঠানের মতো চলতে দিয়েছেন।’ তিনি আশা প্রকাশ করেন, অতি দ্রুত দেশ রূপান্তর রূপায়ণ গ্রুপের চাওয়া অনুযায়ী নিজেদের টাকায় নিজেরা চলতে পারবে।

দেশ রূপান্তরের বার্তা সম্পাদক শাহআলম বাবুল বলেন, ‘আমরা বস্তুনিষ্ঠ সাংবাদিকতায় বিশ্বাসী, প্রতিদিন সময়ের সঙ্গে পাল্লা দিয়ে আমরা নিরপেক্ষভাবে যা ঘটে তা তুলে ধরার চেষ্টা করি আমাদের কাগজে, এই প্রাণান্ত পরিশ্রমের প্রক্রিয়ায় যারা যুক্ত, আমি আমার সব সহকর্মীকে এই দিনে ধন্যবাদ জানাই, একই সঙ্গে আমাদের পাঠক শুভানুধ্যায়ী ও বিজ্ঞাপনদাতাদেরও ধন্যবাদ জানাই।’

দেশ রূপান্তরের ভারপ্রাপ্ত সম্পাদক তার বক্তৃতার শুরুতেই প্রতিষ্ঠাতা সম্পাদক অমিত হাবিবকে স্মরণ করেন। তিনি সব কর্মীকে ভালোবেসে তাদের শক্তি অনুযায়ী কাজে লাগিয়ে সফলতার গল্প শোনান। পরিকল্পনায় ও ধারণার জায়গায় দেশ রূপান্তর কীভাবে এগিয়ে যাচ্ছে তা তুলে ধরেন মোস্তফা মামুন। ছাপা পত্রিকাকে শরীর ধরে, অনলাইন ও ডিজিটালকে দুটি ডানা ধরে সাফল্যের গল্প লিখবে সামনের বছরে দেশ রূপান্তর এমন আশাবাদ ব্যক্ত করেন তিনি। এ সময় ভারপ্রাপ্ত সম্পাদক জানান, শিল্প-সাহিত্যের পাতা ‘ধ্রুপদি’, শুক্রবারের ‘আড্ডা’, শিশুদের পাতা ‘মিঠাই’ দারুণ ইম্প্যাক্টফুল হচ্ছে।

রূপায়ণ গ্রুপের ভাইস চেয়ারম্যান সাইফ আলী খাঁন অতুল উপস্থিত হলে দেশ রূপান্তরের ভারপ্রাপ্ত সম্পাদক মোস্তফা মামুন ও ব্যবস্থাপক ইউসুফ কবির তাকে ফুল দিয়ে বরণ করে নেন।

দেশ রূপান্তরের বিশেষ প্রতিনিধি উম্মুল ওয়ারা সুইটি বলেন, ‘অমিত হাবিবকে হৃদয়ে ধারণ করেই দেশ রূপান্তর এগিয়ে যাচ্ছে, স্বাধীন সংবাদমাধ্যম হিসেবে দেশ রূপান্তর আরও এগিয়ে যাবে বলে মনে করি আমি, কারণ মালিক হিসেবে রূপায়ণ গ্রুপ কোনো অযাচিত মালিকানার প্রকাশ কখনো করেনি, আমি মনে করি কখনো করবেও না। এখন আমাদের সামনে এগিয়ে যাওয়ার পালা। সবাই মিলে আমরা দেশ রূপান্তরকে সামনে এগিয়ে নিয়ে যাব কাঁধে কাঁধ মিলিয়ে।’

আয়োজনে আসার কথা না থাকলেও অসুস্থ শরীর নিয়ে দেশ রূপান্তরকে ভালোবেসে জন্মদিনের এই মাহেন্দ্রক্ষণে হাজির হয়েছেন জানান শীর্ষস্থানীয় শিল্পগোষ্ঠী রূপায়ণ গ্রুপের চেয়ারম্যান লিয়াকত আলী খাঁন মুকুল। তিনি সামনের দিনগুলোর জন্য শুভকামনা জানিয়ে দেশ রূপান্তরের কর্মীদের জন্য ২০ লাখ টাকা উপহার হিসেবে ঘোষণা করেন। তিনি তার সংক্ষিপ্ত বক্তব্যে সবাইকে অনুপ্রাণিত করে বলেন, ‘দেশ রূপান্তর নিয়ে আমরা গর্বিত, যেখানে যাই সবাই বলে একটা ভালো পত্রিকা করেছেন মুকুল ভাই, আরও ভালো করা দরকার, আরও ভালো করছে, আপনাদের গ্রোথ এখনো টেক অফের দিকে, ওপরের দিকে, এই সুনাম ধরে রাখতে হবে।’

তিনি আরও যুক্ত করেন, ‘আমাদের সব সাংবাদিক সততার সঙ্গে কাজ করেন, সেই সততা ধরে রেখে নির্ভীকভাবে কাজ করতে আপনাদের আহ্বান জানাই, আমাদের পক্ষে যা সম্ভব সব আমরা করব।’

এ সময় ভারপ্রাপ্ত সম্পাদক রূপায়ণ গ্রুপের চেয়ারম্যানকে কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানিয়ে বলেন, ‘টাকা তো বড় কথা নয়, আমাদের যে গ্রোথ হচ্ছে, আমাদের ওপর যে আস্থা তিনি রেখেছেন, সেটাই প্রমাণ করে সংবাদমাধ্যম হিসেবেই শুধু নয়, পরিবারের অংশ হিসেবে আমাদের তিনি দেখছেন, এখন আমাদের দায়িত্ব প্রতিদিন নিজেদের অতিক্রম করে যাওয়া আমাদের কাজ দিয়ে।’

প্রধান প্রতিবেদক আশরাফুল হক রাজীব এ সময় ২০ ডিসেম্বর (আজ বুধবার) বেলা ১১টা থেকে দিনব্যাপী আয়োজনের কথা জানিয়ে অনুষ্ঠান শেষ করেন সবাইকে ধন্যবাদ দিয়ে। কেক কাটার সময় রূপায়ণ গ্রুপের উপদেষ্টা তারকা ফুটবলার আবদুল গাফফার সুর করে ধরেন ‘শুভ শুভ শুভদিন, দেশ রূপান্তরের জন্মদিন।’ সব কর্মীরা সেই সুরে গলা মেলান, হুল্লোড়ের মধ্য দিয়ে কাটা হয় দেশ রূপান্তরের জন্মদিনের কেক।