অল্পের জন্য রক্ষা পেল ট্রেন

দিনাজপুরের বিরামপুরে রেল লাইনের ওপর স্লিপার ফেলে রেখেছে দুবৃত্তরা। 

মঙ্গলবার রাত ১১টায় বিরামপুর রেল স্টেশনের আউটারে পাবতীপুর থেকে খুলনাগামী আন্তনগর রূপসা এক্সপ্রেসের লোকোমটিভ মাস্টার ও সহকারী লোকোমটিভ মাস্টার রেল লাইনের ওপর স্লিপার দেখে তাৎক্ষণিক ট্রেনটি ব্রেক করেন। এতে একটি ট্রেনের শতাধিক যাত্রী বড় ধরনের দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেয়েছে।

পরে খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন দিনাজপুরের পুলিশ সুপার শাহ ইফতেখার আহমেদ, অতিরিক্ত জেলা প্রশাসক (সাবিক) দেবাশীষ চৌধুরী, বিরামপুর উপজেলা নির্বাহী অফিসার নুজহাত তাসনীম আওন।

জানা গেছে, মঙ্গলবার রাত ১১টার কিছুক্ষণ আগে বিরামপুর রেল স্টেশনের আউটারে রেল লাইনের ওপর কয়েকটি স্লিপার তুলে রাখে দুর্বৃত্তরা। রাত ১১টায় পাবতীপুর থেকে খুলনাগামী আন্তনগর সীমান্ত এক্সপ্রেস ট্রেনের লোকোমটিভ মাস্টার আব্দুর রাজ্জাক ও সহকারী লোকোমটিভ মাস্টার সনেট মুন্সি রেল লাইনের ওপর স্লিপার দেখে তাৎক্ষণিক ব্রেক করে দেন। এতে ওই ট্রেনে থাকা যাত্রীরা বড় ধরনের দুঘটনার হাত থেকে রক্ষা পায়। 

পাবতীপুর জিআরপি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা একেএম নুরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। 

তিনি জানান, ঘটনার জানার পর তৎক্ষণিক ঘটনাস্থলে গিয়ে লাইনের ওপরে রাখা স্লিপারগুলো সরিয়ে ট্রেন চলাচল স্বাভাবিক করা হয়। অজ্ঞাত দুর্বৃত্তরা এই কাজটি করেছে। এ ব্যাপারে পাবতীপুর জিআরপি থানায় পুলিম বাদি হয়ে মামলা দায়ে করেছে। দুবৃত্তদের আইনের আওতায় আনার চেষ্টা করা হচ্ছে।