নীলফামারীর পলাশবাড়ী রেল ঘুন্টি এলাকায় শুক্রবার (৩ এপ্রিল) রাতে রেললাইনে ফাটল ও কাটা অংশ শনাক্ত হওয়ায় বড় ধরনের ট্রেন দুর্ঘটনার আশঙ্কা তৈরি হয়। তবে সময়মতো এলাকাবাসীর বিষয়টি নজরে আসায় অল্পের জন্য রক্ষা পেয়েছে চিলাহাটি থেকে ঢাকাগামী আন্তঃনগর ‘নীলসাগর এক্সপ্রেস’ ট্রেনটি।
স্থানীয়রা জানায়, ট্রেনটি রাত ৮টায় চিলাহাটি থেকে ঢাকার পথে ছেড়ে আসে। নীলফামারীর ডোমার রেলস্টেশনে ৩ মিনিট যাত্রা বিরতির পর ট্রেনটি নীলফামারী অভিমুখে ছেড়ে যায়। এরমধ্যে নীলফামারী রেলস্টেশন হতে ৪ কিলোমিটার অদূরে পলাশবাড়ি জ্ঞানদাস কানাইকাটা তেঁতুলতলা (তরনীবাড়ি) রেলঘুন্টি এলাকায় এলাকাবাসী রেললাইনের একটি অংশে বড় ফাটল দেখতে পায়। এসময় নীলসাগর এক্সপ্রেস ট্রেনটি ছুটে আসতে দেখে এলাকাবাসীর সচেতনতা ও উপস্থিত বুদ্ধির কারণে বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পায় ট্রেনটি।
ওই এলাকার নাজমুল মিয়া জানান, তিনি সহ এলাকার লোকজন দল বেঁধে রেল লাইনে উপর লাল বাতি, লাল কাপড়, টর্চ লাইটের আলো দেখাতে থাকে। ট্রেনের চালক তাৎক্ষনিক ট্রেনটি থামিয়ে দিতে সক্ষম হয়।
এ ঘটনায় সাময়িকভাবে ট্রেন চলাচলে বিঘ্ন ঘটলেও বড় ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হওয়ায় স্বস্তি প্রকাশ করেছেন এলাকাবাসী।
নীলফামারী রেলস্টেশনের সহকারি স্টেশন মাস্টার মোমিনুর রহমান জানান, মেরামতের পর রাত ১০টা ৫১ মিনিট হতে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।
তাপমাত্রা বৃদ্ধি পাওয়ার কারনে রেললাইনে ফাটল ধরতে পারে বলে রেল কর্তৃপক্ষ মনে করছেন।
তবে এলাকাবাসীর অভিযোগ, রেললাইনের একটি অংশে ফাটল দেখা যাওয়ার পাশাপাশি কিছু অংশ কাটা অবস্থায় ছিল। এতে নাশকতার আশঙ্কাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না বলে জানিয়েছেন তারা।
