রাজধানীর যাত্রাবাড়ী মাতুয়াইলের একটি বাসা থেকে নজরুল ইসলাম হাওলাদার (৩৬) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১৯ ডিসেম্বর) দিবাগত রাতে যাত্রাবাড়ী থানা পুলিশ মৃতদেহটি উদ্ধার করে। পরবর্তীতে ময়নাতদন্তের জন্য বুধবার সকালে ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠায়।
মৃত নজরুলের বাড়ি পটুয়াখালীর দশমিনা উপজেলার বেতাগী গ্রামে। বাবার নাম খালেক হাওলাদার। বর্তমানে মাতুয়াইল দক্ষিণপাড়ার একটি বাড়ির চতুর্থ তলায় স্বপরিবারে ভাড়া থাকতেন। ইসলামপুরে কাপড় ব্যবসা রয়েছে তিনি।
মরদেহের সুরতহাল প্রতিবেদনে যাত্রাবাড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল্লাহ আল মাসউদ উল্লেখ করেন, ১৭ তারিখ রাত সাড়ে ৯টা থেকে ১৯ তারিখ সন্ধ্যা ৭টার ভেতর যেকোনো সময় অজ্ঞাত কোনো কারণে তার মৃত্যু হয়েছে।
এদিকে নজরুলের চাচা জাকির হোসেন রিয়াজ জানান, চলতি মাসের ৭ তারিখ ছেলেকে নিয়ে তার স্ত্রী মেঘলা গ্রামের বাড়িতে বেড়াতে যান। গত রবিবার থেকে তিনি স্বামী নজরুলের মোবাইলে যোগাযোগের চেষ্টা করছিলেন। তবে পাচ্ছিলেন না তাকে। উপায়ন্ত না পেয়ে ঢাকায় থাকা চাচা জাকির হোসেনকে বিষয়টি জানালে তিনি মঙ্গলবার সন্ধ্যায় ওই বাসায় গিয়ে নজরুলের বাসার দরজা ভেতর থেকে বন্ধ দেখতে পান। তখন যাত্রাবাড়ী থানা পুলিশকে খবর দেন। পরে যাত্রাবাড়ী থানার পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে দরজা ভেঙে ভেতরে ঢুকে দেখেন, খাটের উপরে মৃত অবস্থায় পড়ে আছেন নজরুল।
স্বজনদের ধারণা, অসুস্থ্যতাজনিত কারণে মারা গেছেন তিনি।