ফেনী-২ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন হাজারী দাবি, ‘হলফনামার বাইরে তার কোনো সম্পদ নেই।’
তিনি বলেন, আমি যে হলফনামা দিয়েছি সেখানে আমার সম্পত্তির হিসাব আড়াল করিনি। আমার স্থাবর ও অস্থাবর সম্পত্তির যে ট্যাক্স পে করেছি, সেগুলোই হলফনামায় উল্লেখ করেছি। ট্যাক্স না দিয়ে সম্পদ গোপন করিনি। এটা নিয়ে আর কোনো কথা থাকতে পারে না।’
মঙ্গলবার (১৯ডিসেম্বর ) দুপুরে শহরের বেস্ট ইন রেস্টুরেন্ট মিলনায়তনে জেলায় কর্মরত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এসব কথা বলেন নিজাম উদ্দিন হাজারী। এ সময় তিনি সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।
তিনি আরও বলেন, আমি বিগত সময়ে সমৃদ্ধ ও উন্নত ফেনী গড়তে বিভিন্নভাবে সাংবাদিকদের সহযোগিতা পেয়েছি। সাংবাদিকদের সহযোগিতায় আল্লাহর রহমতে ফেনী পৌর মেয়র থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছি। শেখ হাসিনা ফেনী-২ আসনে আওয়ামী লীগ থেকে আমাকে এবারসহ হ্যাট্রিক মনোনয়ন দিয়ে ফেনীবাসীর সেবা করার সুযোগ দেওয়ায় আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি।’
মতবিনিময় সভায় জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট হাফেজ আহমেদ, জেলা আওয়ামী লীগের সদস্য সাবেক মেয়র হাজী আলা উদ্দিন, ফেনী সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি করিম উল্যাহ বিকম, সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান শুসেন চন্দ্র শীল, ফেনী পৌর আওয়ামী লীগের সভাপতি আইনুল কবির শামীম, সাধারণ সম্পাদক ফেনী পৌর মেয়র নজরুল ইসলাম স্বপন মিয়াজী, জেলা যুবলীগের সভাপতি দিদারুল কবির রতনসহ ফেনীর ইলেকট্রনিক্স মিডিয়ার ও প্রিন্ট মিডিয়ার, স্থানীয় পত্রিকার সম্পাদকসহ গণমাধ্যম কর্মরত ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।