'ধারাবাহিক সৌম্যকে পাওয়াটা হবে শক্তির'

নিউজিল্যান্ডের মাটিতে টানা দুই পরাজয়ে ওয়ানডে সিরিজ হাতছাড়া হয়েছে। তবে দ্বিতীয় ওয়ানডেতে সৌম্য সরকারের রেকর্ডময় ইনিংস বাংলাদেশকে হয়তো কিছুটা স্বস্তি দিচ্ছে।

বাঁ-হাতি এই ব্যাটসম্যান আজ নেলসনে খেলেন ১৬৯ রানের ইনিংস। সৌম্যর ইনিংসের পর মিরপুরে গণমাধ্যমের মুখোমুখি হয়ে বিসিবি কর্মকর্তা জালাল ইউনুস বলেন, ‘অনেকদিন পর সৌম্যের একটা ইনিংস দেখলাম, তাও আবার বড় ইনিংস খেলেছে। ১৫০+ রান মোটেও সহজ না ওই উইকেটে। কোচ যখন তাকে দলের মধ্যে চেয়েছে আমরাও তাকে সাপোর্ট দিয়েছি।’

ব্যাটিংয়ে ধারাবাহিক সৌম্যকে পাওয়াটা শক্তির বলে উল্লেখ করেন এই বিসিবি কর্মকর্তা, ‘কোচের নিশ্চয়ই কোনো প্লান আছে, সে মনে করেছে এই ধরনের উইকেটে বিশেষ করে অস্ট্রেলিয়া, সাউথ আফ্রিকা ও নিউজিল্যান্ডের এরকম সিমিং উইকেটে সৌম্যকে সবচেয়ে ফিট খেলোয়াড় মনে হয়েছে ওই জায়গাটায়। এজন্য তাকে খেলাচ্ছি। সৌম্য যদি আবার ক্যামব্যাক করে তো আমি বলব এটা আমরা একটা শক্তি পেলাম।’