পাকিস্তানের বিপক্ষে ঘরের মাঠের ওয়ানডে সিরিজের দলে থাকলেও মাঠে নামা হয়নি ইনফর্ম ওপেনার সৌম্য সরকারের। সাইফ হাসানের ওপরেই আস্থা রেখেছে নির্বাচক প্যানেল, যদিও সিরিজজুড়ে সাইফের পারফর্মেন্স ভালো ছিল না। আসন্ন নিউজিল্যান্ড সিরিজেও সাইফকে সুযোগ দেওয়ার ইঙ্গিত দিলেন প্রধান নির্বাচক হাবিবুল বাশার সুমন। এমনটা হলে সৌম্যকে এবারও হয়তো ডাগ-আউটে থাকতে হতে পারে।
আজ শনিবার মিরপুরে প্রথম দুই ওয়ানডের জন্য দল ঘোষণার পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে হাবিবুল বলেন, ‘আমি কয়েকদিন প্র্যাকটিসে সৌম্যকে দেখেছি। ও যেভাবে অফ-স্পিন হ্যান্ডেল করছে সেটা ইম্প্রেসিভ। ও টিমের জন্য একটা গুরুত্বপূর্ণ সম্পদ। আমাদের অনেক খেলা সামনে আছে, সবাই সুযোগ পাবে। সৌম্যর মতো প্লেয়ার বেঞ্চে থাকা মানে আমাদের টিমটা অনেক স্ট্রং। যখন সে সুযোগ পাবে তাকে আমরা যথেষ্ট সুযোগ দিতে চাই।’
সাইফ হাসানের ব্যাটিং নিয়ে এক প্রশ্নের জবাবে হাবিবুল বলেন, ‘আগে যে নির্বাচক কমিটি কাজ করেছে তারা একটা প্ল্যান নিয়ে কাজ করেছে। সাইফ হাসানকে ইনক্লুড করা হয়েছে ওপেনিংয়ে। ওপেনিং পজিশনে আমরা একটু সেটেল করতে চাই। কাউকে সুযোগ দিলে তিনটা ম্যাচ এনাফ না। আমরা তাকে আরও একটু সুযোগ দিতে চাই, তারপর উই ক্যান মেক এ কল। আমরা আসলে চপ এন্ড চেঞ্জ এর মধ্যে যেতে চাই না।’
পাকিস্তান সিরিজের দল অপরিবর্তিত রাখার পেছনে যুক্তি দেখিয়ে প্রধান নির্বাচক বলেন, ‘আমরা যখন দলটা দেখেছি, তখন মনে হয়েছে আওয়ার সাকসেসফুল সিরিজ লাস্ট সিরিজ। বাংলাদেশ ভালো ক্রিকেট খেলেছে এবং সেখানে কিছু খেলোয়াড় হয়তো সুযোগ পায়নি একাদশে। কিছু প্লেয়ার নতুন এসেছে। আমাদের পলিসি হচ্ছে যখন কেউ আসবে তাকে পর্যাপ্ত সুযোগ দিতে হবে। যারা খেলেছে তারা খারাপ খেলেনি। আমরা কন্টিনিউটিতে বিশ্বাস করতে চাই, যার জন্য আমরা এই সিরিজে টিম চেঞ্জ করি নাই।’
তামিম ইকবালকে ভারতের সাথে সম্পর্ক উন্নয়নের পরামর্শ দিলেন সৈয়দ আশরাফুল
নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের ওয়ানডে দল ঘোষণা