গাজীপুরের শ্রীপুরে সেপটিক ট্যাংকে নেমে লাশ হলেন দুই শ্রমিক। ট্যাংকে নামার ছয় ঘণ্টা পর বুধবার (২০ ডিসেম্বর) সন্ধ্যা ৭টার দিকে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা তাদের মরদেহ উদ্ধার করে। ধারণা করা হচ্ছে, বিষাক্ত গ্যাসের প্রভাবে বিষক্রিয়ায় তাদের মৃত্যু হয়েছে।
নিহতরা হলেন ঠাকুরগাঁওয়ের রুহিয়া গ্রামের জয়নাল আবেদিনের ছেলে মাসুম আহম্মেদ (২৫) ও নেত্রকোণার দিগজান গ্রামের সোনা মিয়ার ছেলে মুখলেসুর রহমান (৪৫)।
প্রত্যক্ষদর্শীরা জানান, শ্রীপুর পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের উত্তরপাড়া গ্রামে প্রবাসী আবু সাঈদ। প্রায় দেড় বছর আগে বাড়ির জন্য একটি সেপটিক ট্যাংক বানান তিনি। তবে তাতে বাথরুমের সংযোগ ছিল না। এতদিন সেই অব্যবহৃত ট্যাংকে পানি জমা হয়ে ছিল।
এদিন দুপুরে মাসুম ও মুখলেসুর ট্যাংকের পানি নিষ্কাশনের কাজ শুরু করে। বিকালের পর সবাই টের পায় তাদের কোনো সাড়াশব্দ নেই। পরে খোঁজ নিলে ট্যাংকে তাদের মরদেহ ভাসতে দেখা যায়।
শ্রীপুর ফায়ার সার্ভিস স্টেশন অফিসার মাহবুবুর রহমান বলেন, সন্ধ্যায় খবর পেয়ে দুজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। ট্যাংকে বিষাক্ত গ্যাসের বিষক্রিয়ায় শ্রমিকদের মৃত্যু হতে পারে।
শ্রীপুর মডেল থানার ওসি শাহ্ জামান বলেন, সুরতহাল রিপোর্ট তৈরির পর মরদেহ দুটি শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।