প্রথম ইনিংসের চেয়ে দ্বিতীয়ভাগে আরও ভয়ংকর হয়ে উঠলেন সৈয়দ খালেদ আহমেদ। তার আগুনে বোলিংয়ের কোনো জবাবই খুঁজে পেলেন না উত্তরাঞ্চলের ব্যাটসম্যানরা। সিলেটের এই পেসারের ক্যারিয়ার সেরা পারফরম্যান্সে তিন দিনেই ম্যাচ জিতে প্রথমবারের মতো বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) শিরোপা জিতল পূর্বাঞ্চল।
সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে গতকাল তৃতীয় ও শেষ রাউন্ডে উত্তরাঞ্চলের বিপক্ষে পূর্বাঞ্চলের জয় ইনিংস ও ১১২ রানে। প্রথম ইনিংসে ১০৮ রানের পর দ্বিতীয় ইনিংসে ১৩২ রানে অলআউট হয় উত্তরাঞ্চল। একমাত্র ইনিংসে পূর্বাঞ্চল করে ৩৫২ রান।
প্রথম ইনিংসে ৪ উইকেট নেওয়া খালেদ দ্বিতীয়ভা ইনিংসে ৫০ রানে নেন ৭ উইকেট। প্রথম শ্রেণির ক্রিকেটে তার সেরা বোলিং এটি। ম্যাচে তার প্রাপ্তি ৯০ রানে ১১ উইকেট, যা তার ম্যাচ সেরা বোলিংও। দ্বিতীয়বার ম্যাচে অন্তত ১০ উইকেট পেলেন ৩১ বছর বয়সী এই পেসার। ম্যাচ সেরার পুরস্কার ওঠে তার হাতেই। ২ ম্যাচে ১৮ উইকেট নিয়ে আসরের সর্বোচ্চ উইকেট শিকারিও তিনি। জাতীয় দলের হয়ে ১২ টেস্ট খেলা এই ক্রিকেটার টুর্নামেন্ট সেরার পুরস্কারও জেতেন।
বিসিএলে চারবার রানার্সআপ হওয়ার পর অবশেষে শিরোপার স্বাদ পেল পূর্বাঞ্চল। তিন ম্যাচে দুই জয় ও এক ড্রয়ে তাদের ২০ পয়েন্ট।
আরেক ম্যাচে মিরপুর শের-ই-বাংলা জাতীয় স্টেডিয়ামে বিসিএলের রেকর্ড ছয়বারের চ্যাম্পিয়ন দক্ষিণাঞ্চলকে ১০ উইকেটে হারিয়ে রানার্সআপ হয়েছে মধ্যাঞ্চল। ৩ উইকেটে ৪৭ রান নিয়ে তৃতীয় দিন শুরু করে আর ২ রান তুলতেই ৬ উইকেট হারায় দক্ষিণাঞ্চল! প্রথম ইনিংসে ২১৪ রান করা দক্ষিণাঞ্চল দ্বিতীয়ভাগে ৯ উইকেটে করে কেবল ৪৯ রান। আগের দিন আঙুলে চোট পেয়ে ক্রিজ ছেড়ে যাওয়া ওপেনার প্রান্তিক নওরোজ নাবিল আর ব্যাটিংয়ে নামেননি। মধ্যাঞ্চল প্রথম ইনিংসে ২৪৮ রান করে। পরে ১৬ রানের লক্ষ্য এক ওভারেই ছুঁয়ে ফেলে তারা।
তিন ম্যাচে একটি করে জয় ও ড্রয়ে মধ্যাঞ্চলের ১০ পয়েন্ট। সমান ৪ পয়েন্ট নিয়ে উত্তরাঞ্চল তৃতীয় ও দক্ষিণাঞ্চল চতুর্থ হয়েছে।