ফ্লাইওভারে নিয়ন্ত্রণ হারাল মোটরসাইকেল, প্রাণ গেল শরিফের

রাজধানীর যাত্রাবাড়ী মেয়র হানিফ ফ্লাইওভার ব্রিজের ওপর মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে শরিফ হোসেন (৩৮) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। তিনি মোটরসাইকেলে যাত্রী পরিবহন করতেন বলে জানা গেছে।

আজ বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) সকাল ৯টার দিকে যাত্রাবাড়ী ফ্লাইওভারের ওপর ধোলাইপাড় অংশে এ দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে যাত্রাবাড়ী থানার উপপরিদর্শক (এসআই) ফারজানা আক্তার জানান, সকালে ওই ব্যক্তি হানিফ ফ্লাইওভারে ধোলাইপাড়ের ঢাল দিয়ে উঠছিলেন। তখন মোড় ঘোরার সময় নিয়ন্ত্রণ হারিয়ে রেলিংয়ের সাথে ধাক্কা লাগে, ছিটকে পড়ে দেশ ট্রাভেলস পরিবহনের একটি বাসের চাকার নিচে পিষ্ট হয়। এতে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।

তিনি আরও জানান, ঘটনার পরপরই বাসটি চালকসহ জব্দ করা হয়েছে। আর নিহতের স্বজনদের সাথে যোগাযোগ করার চেষ্টা হচ্ছে। ময়নাতদন্তের জন্য মরদেহটি মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। মামলা প্রক্রিয়াধীন। নিহত শরিফের বাবার নাম মোবারক আলী। তার বিস্তারিত ঠিকানা জানা যায়নি।