‘শত্রুরা’ উস্কানি দিলে পারমাণবিক হামলার হুঁশিয়ারি কিমের

‘কোনো শত্রু যদি পারমাণবিক অস্ত্র দিয়ে উসকানি দেয় তাহলে পিয়ংইয়ং পাল্টা পারমাণবিক হামলা চালাতে দ্বিধা করবে না,’ বলে হুঁশিয়ারি দিলেন উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন।

উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় সংবাদমাধ্যম কেসিএনএ’র এক প্রতিবেদনে বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) কিমের এই হুঁশিয়ারি সম্প্রচারিত হয়েছে।  

গত সপ্তাহেই ওয়াশিংটনে বৈঠক করেছেন দক্ষিণ কোরিয়া এবং যুক্তরাষ্ট্রের শীর্ষ কর্মকর্তারা। সেখানে তারা উত্তর কোরিয়ার সঙ্গে সংঘর্ষের ক্ষেত্রে পারমাণবিক প্রতিরোধ নিয়ে আলোচনা করেছেন।এমনকি এই দুই মিত্র একত্রে উত্তর কোরিয়াকে হুমকি দিয়েছে যে, পারমাণবিক অস্ত্র তৈরি করলে কিমের দেশকে পুরোপুরি ধ্বংস করে দেওয়া হবে। এর পরিপ্রেক্ষিতেই সোমবার উত্তর কোরিয়া পরপর দু'টি ব্যালেস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে বলে ধারণা করা হচ্ছে।  

পিয়ংইয়ং যদি যুক্তরাষ্ট্র বা দক্ষিণ কোরিয়ায় পারমাণবিক হামলা চালায় তবে উত্তর কোরিয়ার শাসনের অবসান ঘটানো হবে বলে দুদেশের পক্ষ থেকে প্রত্যয় জানানো হয়। এ খবর সামনে আসতেই কিম তার সেনাবাহিনীর ক্ষেপণাস্ত্র ব্যুরোকে নির্দেশ দিয়েছেন যে, শত্রুরা যখন পারমাণবিক অস্ত্র দিয়ে হামলার উস্কানি দেবে তখন পারমাণবিক হামলা চালাতে বিন্দু মাত্র দ্বিধা করা যাবে না।

চলতি বছর রেকর্ড সংখ্যক পারমাণবিক অস্ত্রের পরীক্ষা চালিয়েছে পিয়ংইয়ং। সে কারণে ওয়াশিংটন, সিউল এবং টোকিও নিজেদের মধ্যে প্রতিরক্ষা সহযোগিতা বাড়িয়েছে।

গত সোমবার হুয়াসং-১৮ নামে নিজেদের সবচেয়ে শক্তিশালী ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালায় পিয়ংইয়ং। মূলত শত্রু দেশগুলো সতর্ক করতেই এই ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালানো হয়।