শেখ হাসিনাকে ক্ষমতায় রাখতে লাঙ্গলে ভোট চাইলেন নৌকার প্রার্থী

দুই দিনের ব্যবধানে ভোল পাল্টে লাঙ্গলের জন্য ভোট চাইলেন ফেনী জেলা আওয়ামী লীগের সাধারণ সস্পাদক ও ফেনী-২ আসনের নৌকার প্রার্থী নিজাম উদ্দিন হাজারী। বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) বিকেলে সোনাগাজীতে আওয়ামী লীগ ও জাতীয় পার্টির যৌথ মতবিনিময় সভায় তিনি এমন আহ্বান জানান। 

তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে রাষ্ট্র ক্ষমতায় রাখতে ফেনী-৩ আসনে লাঙ্গলের প্রার্থী মাসুদ উদ্দিন চৌধুরীকে জয়যুক্ত করতে হবে। 

এর আগে গত মঙ্গলবার ফেনীতে এক মতবিনিময় সভায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে নিজাম হাজারী বলেন, লাঙ্গলকে বিজয়ী করতে জেলা আওয়ামী লীগের কাছে কেন্দ্রীয় আওয়ামী লীগের কোনো নির্দেশনা নেই। প্রধানমন্ত্রী ফেনী-৩ আসনটি জাতীয় পার্টিকে ছেড়ে দিয়েছে তাই সেখানে লাঙ্গলের প্রার্থীকে ভোটের মাধ্যমে জিতে আসতে হবে।

মতবিনিময় সভায় নিজাম উদ্দিন হাজারী আরও বলেন, জাতীয় পার্টির প্রার্থী মাসুদ উদ্দিন চৌধুরীর সমর্থনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার করে নিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সুতরাং আমাদের দায়িত্ব হচ্ছে শেখ হাসিনার মনোনীত প্রার্থীকে বিজয়ী করা, প্রধানমন্ত্রী যদি রাষ্ট্র ক্ষমতায় না থাকে ফেনীর তিনটি আসন আওয়ামী লীগ প্রার্থী এমপি নির্বাচিত হলেও আমাদের কোনো লাভ হবে না, তাই প্রধানমন্ত্রীকে রাষ্ট্রীয় ক্ষমতায় রাখতে ফেনী-৩ আসনটিতে জাতীয় পার্টির প্রার্থীকে বিজয়ী করতে হবে।

নিজাম হাজারী নাম উল্লেখ না করে সাবেক এমপি ও স্বতন্ত্র প্রার্থী রহিম উল্যাহকে উদ্দেশ্য করে বলেন, এই আসনে যিনি অতীতে এমপি ছিলেন তার কারণে আওয়ামী লীগের নেতাকর্মীরা ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে বর্তমান এমপি মাসুদ চৌধুরী বিগত সময়ে আওয়ামী লীগের সাথে সমন্বয় করে কাজ করেছেন, আমার সাথে সবসময় যোগাযোগ রক্ষা করেছে। তাই আওয়ামী লীগের স্বার্থে জাতীয় পার্টির প্রার্থীকে বিজয়ী করতে হবে। তিনি নেতাকর্মীদের লাঙ্গলের প্রার্থীর পক্ষে কাজ করার আহ্বান জানান। 

সভায় লাঙ্গলের প্রার্থী লে. জেনারেল অব. মাসুদ উদ্দিন চৌধুরী তার বিগত সময়ের ভুলত্রুটির জন্য দুঃখ প্রকাশ করে বলেন, সোনাগাজী- দাগনভুঞায় অবকাঠামো উন্নয়নের ব্যাপক ছোঁয়া লেগেছে। তার পাশাপাশি অর্থনৈতিক অঞ্চল, বিদ্যুৎকেন্দ্র, নৌ বন্দরসহ কয়েকটি মেঘা প্রকল্প নির্মাণাধীন রয়েছে। আরও কিছু কাজ অসমাপ্ত রয়েছে তা বাস্তবায়নের জন্য লাঙ্গল প্রতীকে আপনাদের মূল্যবান ভোট ও সমর্থন চাই।

সোনাগাজী উপজেলা আওয়ামী লীগের সভাপতি মফিজুর ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম খোকনের সঞ্চলনায় মতবিনিমিয় সভায় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান জহির উদ্দিন মাহমুদ লিপটন,ভাইস চেয়ার চেয়ারম্যান শাখাওয়াতুল হক বিটু, উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ফয়েজুল কবিরসহ নয় ইউনিয়নের চেয়ারম্যান, উপজেলা আওয়ামী লীগের অঙ্গ ও সহযোগী সংগঠনের সর্বস্তরের নেতৃবৃন্দ।

এর আগে বৃহস্পতিবার সকালে দাগনভুঞা উপজেলা আওয়ামী লীগ সভাপতি কামাল উদ্দিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জয়নাল আবদীন মামুনের সঞ্চালনায় লাঙ্গলের প্রার্থীর সমর্থনে যৌথ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সেই মতবিনিময় সভায়ও প্রধান অতিথির বক্তব্যে নিজাম উদ্দিন হাজারী এমপি সোনাগাজীর মতবিনিময় সভার ন্যায় নেতাকর্মীদের প্রতি একই আহ্বান জানান। 

উল্লেখ্য, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ফেনীর ১ ও ২ আসনে জাতীয় পার্টির প্রার্থীর লাঙ্গল প্রতীককে হারিয়ে জিততে হবে আওয়ামী লীগ প্রার্থীকে। অন্যদিকে আসন বণ্টনে ছাড় দেওয়ায় ফেনী-৩ আসনে জাতীয় পার্টির প্রার্থীর সমর্থনে আওয়ামী লীগ প্রার্থী তার মনোনয়নপত্র প্রত্যাহার করে নেন।

ফেনী-১ (পরশুরাম, ফুলগাজী, ছাগলনাইয়া) আসনে আওয়ামী লীগ প্রার্থী আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিম নৌকা প্রতীকে জয়ের জন্য লড়ছেন জাতীয় পার্টির লাঙ্গল প্রতীকের প্রার্থী শাহরিয়ার ইকবাল পাটোয়ারীর সঙ্গে।

গত ১১টি সংসদ নির্বাচনে আসনটিতে জাতীয় পার্টির প্রার্থী নির্বাচিত হয়েছিলেন ২ বার। এবারও আসনটি আওয়ামী লীগের নৌকা প্রতীকের সাথে জাতীয় পার্টির লাঙ্গল প্রতীকের প্রতিদ্বন্দ্বিতা মাথায় নিয়েই জয়ের আশায় ভোটারের দ্বারে দ্বারে ছুটছেন আওয়ামী লীগ প্রার্থী আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিম।

একইভাবে ফেনী-২ (সদর) আসনে আওয়ামী লীগের নৌকা প্রতীকে নিজাম উদ্দিন হাজারীকে লড়তে হচ্ছে জাতীয় পার্টির লাঙ্গল প্রতীকের খন্দকার নজরুল ইসলামের সঙ্গে। আসনটিতেও বিগত ১১টি সংসদ নির্বাচনে জাতীয় পার্টি একবারও জয়ের স্বাদ পায়নি। তারপরও এবারের প্রেক্ষাপটে নৌকাকে লাঙ্গলের সঙ্গেই লড়তে হবে। তাই আওয়ামী লীগের প্রার্থী নিজাম উদ্দিন হাজারী লাঙ্গলকে হারিয়ে জয় ছিনিয়ে নিতে নৌকা প্রতীকে ভোট ভিক্ষা করছেন।

এদিকে ফেনী-৩ (সোনাগাজী ও দাগনভুঞা) আসনের চিত্র পুরাই উল্টো। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আসনটিতে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী কেন্দ্রীয় যুবলীগ নেতা আবুল বশরের পরিবর্তে মিত্র জাতীয় পার্টির প্রার্থী লে. জেনারেল (অব.) মাসুদ উদ্দিন চৌধুরীকে লাঙ্গল প্রতীকে ছাড় দিয়েছে আওয়ামী লীগ। 

ফলে আসনটিতে দলীয় মনোনয়ন নিয়ে নির্বাচনের মাঠে নামার পরও ঢাকা মহানগর (দক্ষিণ) যুবলীগের সাবেক সভাপতি আবুল বাশারকে দলীয় সিদ্ধান্ত রোববার (১৭ ডিসেম্বর) প্রার্থিতা প্রত্যাহার করতে হয়েছে। তার মনোনয়নপত্র প্রত্যাহারের পর আসনটিতে আর থাকছে না নৌকার প্রতীক। এ অবস্থায় আওয়ামী লীগের সমর্থন নিয়ে লাঙ্গল প্রতীকে এ আসনে লড়ছেন জাতীয় পার্টির নেতা লে.জেনারেল মাসুদ উদ্দিন চৌধুরী।

ফেনী ১ ও ২ আসনে আওয়ামী লীগ জাতীয় পার্টির লাঙ্গল প্রতীককে হারাতে কঠিন অবস্থানে থাকলেও ফেনী-৩ আসনে জাতীয় পার্টির লাঙ্গল প্রতীকের জয়ের জন্য মাঠে নামতে হচ্ছে। তবে লাঙ্গল প্রতীকের জাতীয় পার্টির নেতা লে.জেনারেল মাসুদ উদ্দিন চেূৗধুরীর শক্তিশালী প্রতিদ্বন্দ্বী হিসেবে মাঠে আছেন আওয়ামী লীগের বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী রহিম উল্লাহ্। যিনি জেদ্দা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও সাবেক সংসদ সদস্য। তিনি এবার আওয়ামী লীগের মনোনয়ন চেয়েও পাননি।