দক্ষিণ আফ্রিকা থেকে হঠাৎ দেশে ফিরছেন কোহলি

দক্ষিণ আফ্রিকায় দারুণ সময় কাটছে ভারতের। এরমধ্যেই টি-টোয়েন্টি এবং ওয়ানডে সিরিজ জিতে নিয়েছে সফরকারীরা। এবার তাদের লক্ষ্য টেস্ট সিরিজ জিতে নেওয়া। এই সিরিজে খেলার কথা রয়েছে সাবেক অধিনায়ক বিরাট কোহলির। কিন্তু সিরিজ শুরুর আগে হঠাৎ করেই দেশে ফিরেছেন তিনি।
এদিকে টেস্ট সিরিজ শুরুর আগে ইনজুরি বেশ ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে ভারত দলের জন্য। মোহাম্মদ শামি ও ইশান কিষানের পর এবার টেস্ট সিরিজ থেকে ছিটকে গিয়েছেন রুতুরাজ গায়কোয়াড়ও। তাদের সঙ্গে কোহলির হঠাৎ দেশে ফেরা দুশ্চিন্তা বাড়িয়েছে ভারতীয় সমর্থকদের।
টিম ম্যানেজমেন্টের অনুমতি নিয়ে ব্যক্তিগত কারণ দেখিয়ে দেশে ফিরেছেন কোহলি। তবে জানা গেছে খুব শীগগিরই ফিরে যাবেন দক্ষিণ আফ্রিকায়। সেঞ্চুরিয়নে বক্সিং ডে টেস্টের আগে টেস্ট স্কোয়াডে আবার যোগ দিতে পারেন তিনি। দুই টেস্ট সিরিজের আগে অধিনায়ক রোহিত শর্মা এবং জাসপ্রিত বুমরাহ সহ বেশ কয়েকজন সিনিয়র খেলোয়াড়ের জন্য একমাত্র তিন দিনের প্রস্তুতি ম্যাচে অংশ নেননি কোহলি।
গত কয়েক মাস ধরেই জল্পনা, দ্বিতীয় বার সন্তানসম্ভবা বিরাটের স্ত্রী অনুষ্কা শর্মা। শোনা গিয়েছিল, বিশ্বকাপের পরেই নাকি সোশ্যাল মিডিয়ায় আনুষ্ঠানিক ঘোষণা করবেন বিরুষ্কা। তা আর হয়নি। ভারত বিশ্বকাপ হারার পর বিরাটকে তেমনভাবে দেখা যায়নি। ক্রিকেট থেকে দূরে ছিলেন তিনি। তবে ১৯ ডিসেম্বর সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিয়ো পোস্ট করেন অনুষ্কা। সেই ভিডিয়ো দেখেই ধারণা, ইঙ্গিতে হলেও নিজের দ্বিতীয় বার মা হওয়ার জল্পনাটা সত্যি হতে যাচ্ছে। বিরাট সেই কারণেই দেশে ফিরেছেন কি না তা অবশ্য জানা যায়নি।
এদিকে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের দ্বিতীয় ওয়ানডে ম্যাচে ফিল্ডিং করার সময় আঙুলে চোট পান রুতুরাজ। যে কারণে তৃতীয় ও শেষ ওয়ানডে ম্যাচে মাঠে নামতে পারেননি তিনি। আঙুলের সেই চোট সেরে না ওঠায় এবার ছিটকে গেলেন টেস্ট সিরিজ থেকেও।