টি২০ ক্রিকেটের ফেরিওয়ালা ডাকা হয় আন্দ্রে রাসেলকে। পৃথিবীর সবকটি ফ্র্যাঞ্চাইজি লিগে তার চাহিদা তুঙ্গে থাকলেও ক্যারিবীয় জার্সিতে এতোদিন ব্রাত্যই ছিলেন। দু’বছর পর জাতীয় দলে ফিরে রাসেল দেখিয়ে দিয়েছেন কোন ধাতুতে গড়া তিনি। মাসছয়েক পর ক্যারিবীয়দের আয়োজনেই বসতে যাচ্ছে টি২০ বিশ্বকাপের আসর। সেই আসরে উইন্ডিজের মেরুন-হলদে জার্সিতে নামার আগে নিজের ফিটনেস একজন ইউএফসি ফাইটারের পর্যায়ে নিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন ড্রে-রান।
জাতীয় দলে ফেরার সিরিজে ইংল্যান্ডকে ৩-২ ব্যবধানে হারিয়ে জয়োৎসব করেছে উইন্ডিজ। পুরো সিরিজে দুর্দান্ত ছিলেন রাসেল। ৫ ইনিংসে ৩৫ গড়ে ১০৫ রানের সঙ্গে ২৮.১৪ গড়ে শিকার করেন ৭ উইকেট। এই দলটির হয়েই বিশ্বকাপে খেলতে চান রাসেল। সে সময়ে তার ফিটনেসের অবস্থা কেমন হবে সাক্ষাতকারে তা জানতে চাওয়া হলে রাসেল এই মন্তব্য করেন।
বলেন, ‘আমি আরও ভালো গঠনে থাকব। দেখতে ইউএফসি ফাইটারের মতো হয়ে উঠব। আমার এখনো ক্রিকেটে অনেক কিছু করার আছে। এটা ভালো। যখন আপনি ক্রিকেট খেলবেন, প্রতিদ্বন্দ্বিতায় থাকবেন, শরীরও তখন সচল হয়ে উঠবে। বিশ্বকাপের অপেক্ষায় বাসায় বসে থাকা লাগবে না।’
ই্ংল্যান্ড সিরিজের সুখস্মৃতি নিয়েই অস্ট্রেলিয়া সফরে যাবে উইন্ডিজরা। সেখানে জানুয়ারিতে টি২০ সিরিজে দেখা যেতে পারে আন্দ্রে রাসেলকেও।