৭ জানুয়ারি নির্বাচন নয়, আ.লীগের কাউন্সিল হবে: মাওলানা মাসউদ

ইসলামী আন্দোলনের ঢাকা মহানগর উত্তরের সভাপতি প্রিন্সিপাল মাওলানা শেখ ফজলে বারী মাসউদ বলেছেন, ‘আগামী ৭ জানুয়ারি যে নির্বাচন হবে তাকে নির্বাচন বলা যাবে না। বরং আওয়ামী লীগের দলীয় কাউন্সিল বলা যায়।’ আজ শুক্রবার দুপুরে রাজধানীর বায়তুল মোকাররম মসজিদের উত্তর গেটে জাতিসত্তাবিরোধী শিক্ষা কারিকুলাম পরিবর্তনও একতরফা পাতানো নির্বাচন বাতিলের দাবি’তে আয়োজিত এক বিক্ষোভ মিছিল পূর্ব সমাবেশে তিনি এ কথা বলেন।

ইসলামী আন্দোলনের ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আয়োজিত এই বিক্ষোভ সমাবেশে মাওলানা মাসউদ বলেন, ‘বর্তমানে যারা নির্বাচনে অংশ নিচ্ছেন তাদের বেশিরভাগের নির্বাচনী প্রচারণার পোস্টার লক্ষ্য করলে দেখবেন, হয় তারা আওয়ামী লীগ মনোনীত অথবা তারা আওয়ামী লীগের মদদপ্রাপ্ত। এসব ব্যক্তি দিয়ে যে নির্বাচন হচ্ছে এটা জাতীয় নির্বাচন বলা যায় না। এক দলের যে নির্বাচন হয় তাকে বলা হয় দলীয় কাউন্সিল।’

তিনি আরও বলেন, ‘আগামী ৭ তারিখ যে নির্বাচন হবে এটিকে বলা হবে আওয়ামী লীগের দলীয় কাউন্সিল। এটা কোনো নির্বাচন নয়। অতএব ৭ জানুয়ারি যে কাউন্সিল হবে এর অর্থ আওয়ামী লীগ দেবে। নির্বাচনের নামে জাতীয়ভাবে এই অর্থ আওয়ামী লীগ নিতে পারে না। যদি নেয় তাহলে এর জবাব আওয়ামী লীগকে দিতে হবে।’

বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথি ছিলেন ইসলামী আন্দোলনের মহাসচিব প্রিন্সিপাল হাফেজ মাওলানা ইউনুছ আহমাদ। প্রধান বক্তা ছিলেন ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মাওলানা মুহাম্মদ ইমতিয়াজ আলম। সমাবেশে আরো বক্তব্য দেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর উত্তর সভাপতি মাইদুল হাসান সিয়াম, ইসলামী ছাত্র আন্দোলন ঢাকা মহানগর পূর্বের সভাপতি ইউসুফ পিয়াস ও ইসলামী যুব আন্দোলন ঢাকা মহানগর উত্তরের সভাপতি হাফিজুল হক ফাইয়াজ।