মেসি-সুয়ারেজ জুটি আবারও একসঙ্গে

লিওনেল মেসির ক্লাব ইন্টার মায়ামির সঙ্গে উরুগুয়ের তারকা ফুটবলার ও মেসি-বুসকেটসদের একসময়ের বার্সা সতীর্থ লুইস সুয়ারেজ চুক্তি সেরে ফেলেছেন। ইতালির প্রখ্যাত সাংবাদিক ফ্যাব্রিজিও রোমানো দাবি করেছেন এমনটা।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এর (সাবেক টুইটার) অফিসিয়াল অ্যাকাউন্টে রোমানো লিখেন, ‘লুইস সুয়ারেজ ইন্টার মায়ামির সঙ্গে আনুষ্ঠানিক চুক্তি সেরেছেন। ইতোমধ্যে পুরো প্রক্রিয়াও সম্পন্ন হয়েছে। শিগগিরই আনুষ্ঠানিক ঘোষণা আসবে, চুক্তিতে এক বছরের মেয়াদ ধরার পাশাপাশি ২০২৫ সাল পর্যন্ত আরও এক বছর বাড়ানোর সুযোগ রাখা হয়েছে। এর ফলে মেসি, সুয়ারেজ, বুসকেটস ও আলবাকে ফের একসঙ্গে দেখা যাবে। হেয়ার উই গো, কনফার্মড।’

এদিকে, আর্জেন্টাইন সংবাদমাধ্যম টিওয়াইসি স্পোর্টসও প্রায় একই তথ্য দিয়েছে। তবে মায়ামিতে সুয়ারেজের মেয়াদ ২ বছর হতে পারে বলে উল্লেখ করেছে তারা, ‘৩৬ বছর বয়সী উরুগুইয়ান ফরোয়ার্ড এমএলএস ক্লাবটিতে যোগ দিতে সম্মতি দিয়েছেন। কয়েক ঘণ্টার মধ্যে তিনি দুই বছরের চুক্তিতে স্বাক্ষর করতে পারেন। ফের একইসঙ্গে খেলবেন মেসি, বুসকেটস ও আলবারা।’

তবে এখনও আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেয়নি আমেরিকান মেজর লিগ সকার (এমএলএস) ক্লাব মায়ামি।