শাকিবের নতুন জন্ম
দুই সিনেমায় বছর পার করেছেন শাকিব খান। বিরতি ভেঙে ঈদুল ফিতরে পর্দায় ফিরেন ‘লিডার : আমিই বাংলাদেশ’ দিয়ে। বছরখানেক বিরতির পর লিডারের মতোই ফিরেন। সিনেমাটির পাশাপাশি এর ‘সুরমা সুরমা’ গান তুমুল জনপ্রিয়তা পায়। এরপর দুই মাসের ব্যবধানে ঈদুল আজহায় ‘প্রিয়তমা’ সিনেমা দিয়ে রীতিমতো বাজিমাত করেন এ নায়ক। মুক্তির পর সিনেমাটি রেকর্ডসংখ্যক ব্যবসা করে, ব্লকবাস্টার তকমা অর্জন করে। বিশ্বব্যাপী সিনেমাটির আনুমানিক আয় ৪১ কোটিরও বেশি বলে দাবি প্রযোজক প্রতিষ্ঠানের। এই সিনেমায় শাকিবের লুকের পাশাপাশি এর ‘ঈশ্বর’ ও ‘প্রিয়তমা’ গান তুমুল জনপ্রিয়তা পায়।
আরিফিন শুভ পেলেন নতুন পথ
দুই সিনেমা নিয়ে এ বছর দেখা দেন আরিফিন শুভও। পুলিশি অ্যাকশন থ্রিলার ‘মিশন এক্সট্রিম’ এর দ্বিতীয় কিস্তি ‘ব্ল্যাক ওয়ার’ এ তার অভিনয় প্রশংসিত হয়। তবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বায়োপিক সিনেমা ‘মুজিব : একটি জাতির রূপকার’ সিনেমা দিয়ে সব আলো কেড়ে নেন শুভ। সিনেমাটিতে অভিনয়ের ঘোষণা থেকে শুরু করে নানা সময়ে তুমুল সমালোচনার মুখে পড়লেও মুক্তির পর তা মুহূর্তেই প্রশংসায় রূপান্তরিত হয়। ইতিহাসের পাতায় দলিল হয়ে থাকবে শুভ অভিনীত এ চরিত্রটি।
আফরান নিশো, চলচ্চিত্রে নতুন সূর্যোদয়
এ বছরেই বড় পর্দায় অভিষেক ঘটে আফরান নিশোর। বাইশ বছরের ক্যারিয়ারে বহু নির্মাতার সিনেমার প্রস্তাব ফেরালেও ‘সুড়ঙ্গ’ দিয়ে যাত্রা শুরু করেন। প্রথম সিনেমা হিসেবে উৎরে গেছেন, অভিনয়ের জন্য প্রশংসিত হলেও অভিষেকেই নানা মন্তব্যে হয়েছেন সমালোচনারও শিকার। সিনেমাটি ভালো ব্যবসা করেছে। এর চেয়েও বড় কথা চলচ্চিত্রের অভিনেতা হিসেবে নিশো স্টারমার্ক পেয়ে গেছেন। ফলে নির্মাতারা নিশোকে নিয়ে নতুন করে ভাবতে শুরু করেছেন।
সম্ভাবনাময় সজল
এ বছর প্রেক্ষাগৃহে দেখা গেছে আব্দুন নুর সজলকেও। মুক্তি পেয়েছে তারও দুই সিনেমা ‘জ্বীন’ ও ‘১৯৭১: সেই সব দিন’। দুটি সিনেমাতেই বেশ সাধুবাদ পেয়েছেন। সিনেমা দুটোর ব্যবসাও ছিল ভালো। এখনো যুক্তরাষ্ট্রে চলছে ‘১৯৭১: সেই সব দিন।’ এর এক গানে নজর কেড়ে নেন ভক্তদের।
বছরজুড়ে দুই সিনেমায় আলোচনায় ছিলেন এ নায়ক।
আবার মাহফুজ আহমেদ
আট বছর পর সিনেমায় ফিরে বেশ চমকে দিয়েছেন মাহফুজ আহমেদ। ‘প্রহেলিকা’ সিনেমা দিয়ে দারুণ প্রশংসিত হন তিনি। সিনেমাটির গান ও মাহফুজ আহমেদের লুক দর্শকদের আকর্ষণ করেছে।
এর বাইরে ‘ক্যাসিনো’ দিয়ে এ বছর আলোচনায় ছিলেন চিত্রনায়ক নিরব। ‘লোকাল’ ও ‘যন্ত্রণা’ নিয়ে এ বছর পর্দায় ছিলেন চিত্রনায়ক আদর আজাদ। ভিন্ন লুক ও অভিনয়ে ‘লোকাল’ এর জন্য প্রশংসিত হন তিনি। অন্যদিকে ‘কিল হিম’ সিনেমা দিয়ে আলোচনায় ছিলেন অনন্ত জলিল।