আবাহনী-মোহামেডান তাদের প্রথম ম্যাচে শুরুতে এগিয়ে গিয়েছিল। দুই দলই গোল খেয়ে সমতায় ফেরে। আবাহনী আর গোল দিতে না পারায় ড্র দিয়ে বিপিএল শুরু হয়েছে তাদের। আর ৮৯ মিনিটে নাইজেরিয়ান ডিফেন্ডার অ্যান্থোনি আগবাজির গোলে মোহামেডান শেষপর্যন্ত জয় দিয়ে শুরু করতে পেরেছে নতুন লিগ মৌসুম।
কদিন আগেই স্বাধীনতা কাপের সেমিফাইনালে বসুন্ধরা কিংসের কাছে ৪-০ গোলে উড়ে গিয়েছিল আবাহনী। সেই ধাক্কা যে আবাহনী এক সপ্তাহ পরও কাটিয়ে উঠতে পারেনি, তা বোঝা গেছে গোপালগঞ্জে শেখ মনি স্টেডিয়ামে। যদিও রহমতগঞ্জের বিপক্ষে প্রথমার্ধে ১-০ গোলে এগিয়ে গিয়েছিল আবাহনী ব্রাজিলিয়ান ফরোয়ার্ড জোনাথন ফার্নান্দেজের গোলে। ৬৭ মিনিটে রহমতগঞ্জকে সমতায় ফেরান ঘানাইয়ান স্ট্রাইকার আরনেস্ট বোয়াটেং।
আবাহনীর গোলটি একটি পরিকল্পিত আক্রমণ থেকে। ২১ মিনিটে বাঁ প্রান্তে ব্রাজিলিয়ান ফরোয়ার্ড ওয়াশিংটন দস সান্তোস রহমতগঞ্জের বক্সে থ্রু বাড়ালে জোনাথন তা থেকে গোল করেন। রহমতগঞ্জের সমতাসূচক গোলটি আসে ফ্রিকিক থেকে। আবু সাঈদের ক্রস থেকে গোলটি করেন বোয়েটাং। আবাহনীর খেলোয়াড়েরা অবশ্য অফসাইডের দাবি তুলেছিলেন। কিন্তু সহকারী রেফারি তাতে সাড়া দেননি।
ওদিকে রাজশাহী মুক্তিযোদ্ধা স্মৃতি স্টেডিয়ামে ১৩ মিনিটে গোল করেন মোহামেডানের শাহরিয়ার ইমন, যা এবারের বিপিএলে প্রথম গোল। স্বাধীনতা কাপে সেনাবাহিনী ফুটবল ক্লাবে নিবন্ধিত ছিলেন শাহরিয়ার ইমন। মোহামেডানের সম্ভাবনাময় এই মিডফিল্ডার দলে ফেরায় মোহামেডানের স্বস্তি মিলেছে ভালোই। উজবেকিস্তানের মিডফিল্ডার মোজাফফরভের সঙ্গে শাহরিয়ার ইমন আক্রমণগুলো ভালোই তৈরি করেছেন। গোলটি ছিল তারই ফসল। ডানপ্রান্তে পাওয়া ফ্রিকিকে মোজাফফরভ বল বাঁক খাইয়ে ফেলেন ফর্টিসের বক্সের একেবারে মাথায়। ভিড়ের মধ্য থেকেই হেড করে ইমন পরাস্ত করেন গোলকিপার আজাদ হোসেনকে।
৪৩ মিনিটে ফর্টিসের সমতাসূচক গোলটির জন্য অনেকটাই দায় মোজাফফরভের। তার বাড়ানো ভুল পাস মোহামেডানের বক্সের মুখ ধরে আরমান ফয়সাল আকাশ ধরে তা বাড়িয়ে দেন সারের কাছে। ঘানাইয়ান ফরোয়ার্ড কোনো ভুলই করেননি। ১-১ সমতায় এগিয়ে যাওয়া ম্যাচে মোহামেডান জয়সূচক গোলটি পায় ডিফেন্ডার মোহাম্মদ সবুজ হোসেনের লম্বা থ্রো থেকে। ডান প্রান্ত থেকে সবুজের লম্বা থ্রোতে মাথায় ছুঁইয়ে মোহামেডানকে জয় এনে দেন নাইজেরিয়ান টনি। জয়ে হাঁফ ছেড়ে বেঁচেছে মোহামেডান। গত ফেব্রুয়ারিতে বিপিএল ম্যাচে ফর্টিসের কাছে ৪-৩ গোলে হেরেছিল তারা।
দিনের অন্য ম্যাচে ময়মনসিংহে বাংলাদেশ পুলিশ ২-০ গোলে হারিয়েছে চট্টগ্রাম আবাহনীকে।