রাজনীতিতে ব্যাঙদের আওয়াজ বড় হয়ে গেছে: তথ্যমন্ত্রী

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, প্রাণিকূলের মধ্যে ব্যাঙ খুব ছোট, কিন্তু তাদের আওয়াজ খুব বড়। রাজনীতির মধ্যেও কিছু ব্যাঙ আছে। কিছু ছোট ছোট রাজনৈতিক দল আছে, তাদের আওয়াজ খুব বড়। বিএনপির সঙ্গেও এ ধরনের কিছু রাজনীতির ব্যাঙ আছে। এসব ব্যাঙের আওয়াজ এখন খুব বড় হয়ে গেছে।

শুক্রবার চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় এক মতবিনিময় সভায় এসব কথা বলেন চট্টগ্রাম-৭ (রাঙ্গুনিয়া ও বোয়ালখালী আংশিক) আসনের নৌকার এই প্রার্থী। অ্যাডভোকেট নুরুচ্ছফা তালুকদার পৌর অডিটোরিয়ামে আয়োজিত সভায় এলাকার সাবেক ও বর্তমান চেয়ারম্যান-মেম্বার, মেয়র ও কাউন্সিলর উপস্থিত ছিলেন।

হাছান মাহমুদ বলেন, বিএনপির নির্বাচন বর্জনের হাঁকডাক এখন নির্বাচনী প্রচারের মধ্যেই ঢাকা পড়ে গেছে। তাদের নির্বাচন বর্জনের ডাকে কেউ আর সাড়া দেয় না, এমনকি বিএনপির নেতাকর্মীরাও সাড়া দেননি। বিএনপির অনেক নেতা নির্বাচনে অংশ নিচ্ছেন। বিএনপির নেতারা বের হয়ে তৃণমূল বিএনপি গঠন করেছেন। আমাদের এখানেও তৃণমূল বিএনপির প্রার্থী আছেন।

তিনি আরও বলেন, বিএনপি যাদের ওপর ভরসা করেছিল, তারাও বলছে অবাধ, সুষ্ঠু নির্বাচন চায়। কয়েক দিন আগে জাতিসংঘ বিবৃতি দিয়েছে, নির্বাচনে যাতে সবাই ভোট দিতে পারে। তার মানে বিএনপি যে নির্বাচনে বাধা দিচ্ছে, তার বিরুদ্ধেই তারা সেটি বলেছে। যুক্তরাষ্ট্রও বলেছে অবাধ, সুষ্ঠু ও সুন্দর নির্বাচন হওয়া দরকার। আমরা সেটাই করতে চাই, সেটিতে বাধা দিচ্ছে বিএনপি। আমরা আশা করব, ভিসা নীতি যেটি ঘোষণা করা হয়েছে, বিএনপিসহ যারা এই নির্বাচনে বাধা দিচ্ছে, তাদের ওপরই এই ভিসা নীতি প্রয়োগ করা হবে।

নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব ইঞ্জিনিয়ার শামসুল আলম তালুকদার ও মাহমুদুর হাসান বাদশার যৌথ সঞ্চালনায় সভায় বক্তব্য দেন চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগ নেতা আবুল কাশেম চিশতি, শাহজাহান সিকদার, মুহাম্মদ আলী শাহ প্রমুখ।