সরকারিভাবে ক্রয় সংক্রান্ত তথ্য দেশের প্রত্যেকটি নাগরিকের জানার অধিকার আছে উল্লেখ করে পরিকল্পনা মন্ত্রণালয়ের সচিব আবুল কাশেম মো. মহিউদ্দিন বলেছেন, জনগণের টাকায় কি ক্রয় করা হচ্ছে তা দেশের নাগরিকদের সেই তথ্য জানার অধিকার আছে। বর্তমান সরকার সকল ক্রয় প্রক্রিয়াতে শতভাগ স্বচ্ছতা রাখার জন্য বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে। কেননা কেনাকাটায় সবচেয়ে বেশি দুর্নীতি হয়। জনগনকে সেই তথ্য জানানোর জন্য সরকার ক্রয় সংক্রান্ত নীতিমালা করেছে। সেটিকে দুর্নীতিমুক্ত করতে ওয়েব সাইট তৈরি করেছে। এই ওয়েব সাইটের মাধ্যমে দেশের প্রতিটি অফিসের ক্রয় সংক্রান্ত যাবতীয় সকল তথ্য পাওয়া যাবে।
শনিবার (২৩ ডিসেম্বর) দিনাজপুর জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে “সরকারি ক্রয়ে নাগরিক সম্পৃক্ততা” শীর্ষক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব বলেন।
পরিকল্পনা মন্ত্রণালয়ের বিসিপিএ-আইএমইডির প্রধান নির্বাহী কর্মকর্তা মো. শোহেলের রহমান চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি আরও বলেন, ক্রয় সংক্রান্ত কার্যক্রমকে শতভাগ বাস্তবায়নে সকলের সহযোগিতা প্রয়োজন। আমরা কর্মশালার মাধ্যমে সকলের মতামত নেয়া হচ্ছে। সকলের মতামতের ভিত্তিতে আমরা কাজ করব। আমরা ইতিমধ্যে কাজগুলো গুছিয়ে নিয়েছি। ক্রয় প্রক্রিয়ার এশিয়ার মধ্যে আমরা এগিয়ে অছি। এমনকি পাশের দেশ ভারতে ক্রয় প্রক্রিয়ার নীতিমালা নেই। ই-জিপি গাইড লাইন তৈরি করা হয়েছে। আগামী ৬ মাসের মধ্যে সকল কাজ শেষ হবে। এই কার্যক্রমকে ত্বরান্বিত করার জন্য ঢাকার পাশাপাশি দেশের প্রতিটি জেলায় একটি করে অফিস করা হবে।
কর্মশালায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) দেবাশীষ চৌধুরী। এসময় জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মোকলেসুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মমিনুল করিম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট জানে আলম, সিভিল সার্জন ডা. বোরহান-উল হক সিদ্দিকীসহ বিভিন্ন অফিসের প্রধানগণ উপস্থিত ছিলেন।