দিনাজপুরের হিলিতে ব্যক্তিমালিকানাধীন স্থাবর সম্পত্তির মৌজা ও শ্রেণিভিত্তিক প্রকৃত বাজারমূল্য নির্ধারণে গণশুনানি অনুষ্ঠিত হয়েছে।
হাকিমপুর উপজেলা বাজার মূল্য নির্ধারণ কমিটির আয়োজনে খট্টামাধবপাড়া ইউনিয়ন পরিষদে সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত গণশুনানি অনুষ্ঠিত হয়। পরবর্তীতে বোয়ালদাড় ইউনিয়ন পরিষদে দুপুর ১২টা থেকে ২টা পর্যন্ত গণশুনানি অনুষ্ঠিত হয়। এর মাধ্যমে সংশ্লিষ্ট এলাকার জমি ও স্থাবর সম্পত্তির মৌজা এবং শ্রেণিভিত্তিক প্রকৃত বাজারমূল্য নির্ধারণে সংশ্লিষ্টদের মতামত ও তথ্য সংগ্রহ করা হয়।
সম্পত্তির সঠিক মূল্য নির্ধারণে স্থানীয়দের অংশগ্রহণ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করছেন আয়োজকরা। আগামী ৩ ডিসেম্বর আলিহাট ইউনিয়ন পরিষদে সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত গণশুনানি অনুষ্ঠিত হবে। এসময় সেখানে উপজেলা সাব রেজিস্ট্রার নাজমুল হক, খট্টামাধবপাড়া ইউনিয়ন পরিষদের প্রশাসক ও উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আবু মোতালেবসহ অনেকে উপস্থিত ছিলেন।
হাকিমপুর উপজেলা সাবরেজিস্টার নাজমুল হক বলেন, আজকে আমরা এখানে একত্রিত হয়েছি সম্পত্তির প্রকৃত বাজার মূল্য নির্ধারণের জন্য। আমরা ইতিপূর্বে যে দলিলের মূল্য তালিকা প্রস্তুত করতাম এটা হচ্ছে বিগত দুই বছরের দলিলের গড় করে। এতে দেখা যায় কি, একেক জায়গায় কোন মৌজায় জমির অস্বাভাবিক মূল্য বৃদ্ধি পায়। আবার কোন জায়গা হচ্ছে প্রকৃত মূল্যের চেয়েও কমে যায়। তো সরকার এবারে বিধিমালা চেঞ্জ করে যে সিদ্ধান্তটা নিছে সেটা হচ্ছে যে, গণশুনানির সাম্প্রতিক দলিলের বিক্রয়ের তথ্য প্লাস প্রকৃত বাজার মূল্য কিরকম মানে মাঠ পর্যায়ে থেকে তথ্য সংগ্রহ করে দলিলের তালিকা প্রস্তুত করার জন্য। এতে একদিকে যেমন সরকারের রাজস্ব আয় বৃদ্ধি পাবে, অন্যদিকে যেসব মৌজায় অস্বাভাবিক বৃদ্ধি পাইছে সেখানে যারা দলিল নিবন্ধন করতে হিমশিম খেত, রেজিস্ট্রি খরচ বৃদ্ধি পেত, সেগুলো একটা সহনীয় পর্যায়ে আসবে। এতে দুই পক্ষেরই লাভবান হবে। যেসব জনগণ মূল্য বৃদ্ধির কারণে ক্ষতিগ্রস্ত হতো, তারা প্রকৃত বাজার মূল্যের তালিকাভুক্ত হওয়ার জন্য তারা নিবন্ধন খরচ সাশ্রয়ী হবে।
অন্যদিকে যেসব জায়গা কম মূল্য ছিল, সেসব জায়গায় দলিল খরচেও সরকার প্রকৃত রাজস্বটা পাবে। এতে করে সরকারও লাভবান হবে, পাবলিকও ক্ষতিগ্রস্ত হবে না। এজন্য আমরা এই গণশুনানির আয়োজন করছি, যাতে হচ্ছে সম্পত্তি যারা ভূমি মালিক আছেন, তারা তাদের মতামত ব্যক্ত করতে পারেন।