ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, হাসপাতালে ১১৪

গত ২৪ ঘণ্টায় সারা দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে এক হাজার ৬৯৩ জনে। শনিবার (২৩ ডিসেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের ইনচার্জ জাহিদুল ইসলাম সই করা ডেঙ্গুবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এতথ্য জানানো হয়েছে।

এ সময় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১১৪ জন। অন্যদিকে ঢাকাসহ দেশের বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন এক হাজার ১৮১ জন ডেঙ্গুরোগী।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২৩ ডিসেম্বর পর্যন্ত সারাদেশে ডেঙ্গু আক্রান্ত হয়েছেন মোট তিন লাখ ২০ হাজার ২৭২ জন। তাদের মধ্যে ঢাকার বাসিন্দা এক লাখ ৯ হাজার ৭৭৬ জন আর ঢাকার বাইরে দুই লাখ ১০ হাজার ৪৯৬ জন।

ডেঙ্গু আক্রান্তদের মধ্যে গত ২৪ ঘণ্টায় হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ১২৫ জন। তাদের মধ্যে ঢাকার বাসিন্দা ৩৯ জন এবং ঢাকার বাইরের ৮৬ জন।

গত ১ জানুয়ারি থেকে ২৩ ডিসেম্বর পর্যন্ত ডেঙ্গু আক্রান্তদের মধ্যে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন তিন লাখ ১৭ হাজার ৩৯৮ জন। তাদের মধ্যে ঢাকার বাসিন্দা এক লাখ ৮ হাজার ৪৪০ জন এবং ঢাকার বাইরে দুই লাখ আট হাজার ৯৫৮ জন।