শাকিব বাংলাদেশের ‘টম ক্রুজ’

প্রথমবারের মতো ঢাকাই সিনেমার সুপারস্টার শাকিব খানের সঙ্গে জুটি বেঁধে অভিনয় করছেন মার্কিন অভিনেত্রী কোর্টনি কফি। ‘রাজকুমার’ শিরোনামে এ ছবিটির শুটিং করতে ঢাকায় এসেছিলেন তিনি। কয়েকদিনের শুটিং শেষে আবারও ফিরে যান যুক্তরাষ্ট্রে।

সিনেমাটির জন্য কয়েক মাসের প্রস্তুতিতে বাংলা ভাষা শিখেছেন কোর্টনি। এরপর অংশ নেন শুটিংয়ে। তবে ঘোষণার পর সিনেমাটির শুটিং শুরু হতে দেরি হচ্ছিল অভিনেত্রী ভেবেছিলেন হয়তো সিনেমাটি আর শুরু হবে না। একটা সময় আশা ছেড়ে দিয়েছিলেন। তবে শাকিবের ‘প্রিয়তমা’ সিনেমার বিরাট সাফল্যের পরপরই ঘোষণা আসে ‘রাজকুমার’ শুরুর। আর তাতে বেজায় আনন্দিত মার্কিন অভিনেত্রী।

এক ভিডিও বার্তায় অভিনেত্রী বলেন, ‘ঘোষণার পর একাধিকবার শুটিং শুরু হওয়ার কথা থাকলেও হয়নি। এরমধ্যে আমি পাঁচবার যোগাযোগ করেছিলাম, তারা বলেছিল শিগগিরই শুরু হবে। পরে আমি মনে করেছিলাম যে এটার শুটিং হয়তো আর শুরু হবে না। আনন্দের বিষয় হচ্ছে, দুই বছর পর আমরা শুটিং শুরু করতে পেরেছি। বিশ্বাস করতে পারছি না যে, আমি এখানে এসে কাজ করছি।’ বাংলাদেশে আসা এবং সিনেমাটিতে কাজ করা প্রসঙ্গে কোর্টি কফি বলেন, ‘যখন বাংলাদেশে আসার জন্য বিমানে উঠি তখনই মনে হচ্ছিল যে অন্যরকম এক অভিজ্ঞতার মুখোমুখি হতে যাচ্ছি। এখন পর্যন্ত সবকিছু দারুণ। তবে আমি যতটা প্রত্যাশা করেছিলাম তার চেয়েও অনেক বেশি দারুণ। অন্যান্য দেশে আইফেল টাওয়ারের মতো বিখ্যাত অনেক কিছু রয়েছে কিন্তু বাংলাদেশের মানুষের মন অনেক বড়। আমি মনে করি বাংলাদেশের মানুষ হৃদয় দিয়ে তাদের দেশকে সেরা রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত করেছে। বৃহৎ জনসংখ্যা এবং তাদের আপ্যায়নের কারণে বাংলাদেশ ট্যুরিস্টদের অন্যতম আকর্ষণ হতে পারে।’

বাংলাদেশের সিনেমা প্রসঙ্গে এই অভিনেত্রী বলেন, ‘আমি দেশটিতে ঘুরে দেখেছি এখানে অনেক বেশি সিনেমাপ্রেমী রয়েছে যা রীতিমতো সারপ্রাইজিং। পৃথিবীর যেকোনো দেশের সিনেমাপ্রেমীদের চেয়ে বাংলাদেশের দর্শকরা এদেশের সিনেমাকে সবচেয়ে বেশি সাপোর্ট এবং উৎসাহিত করে। এটাও টের পেয়েছি যে এখানে শাকিব খানের সিনেমার অনেক বেশি দর্শক রয়েছে।’

‘রাজকুমার’-এ যুক্ত হওয়া প্রসঙ্গে তার ভাষ্য, ‘আমি কিছুই জানতাম না। শাকিব খানের জন্মদিনে আমি এবং হিমেল (হিমেল আশরাফ) অংশ নিই। সেদিন সিনেমার কিছু অংশ সম্পর্কে জানি এবং সেটা আমার আগ্রহ অনেক বাড়িয়ে দেয়। এমনকি শাকিব এত বড় স্টার এটাও জানতাম না। পরে সেটা বুঝতে পারি এবং তখন মনে হয়েছে যে তার সঙ্গে কাজ করা আমার জন্য অনেক বড় একটা সুযোগ হতে পারে। এখনো আমার আমেরিকান বন্ধুরা বিশ্বাস করতে পারছে না যে আমি সিনেমাটি করছি।’

‘শুটিংয়ের অভিজ্ঞতায় সেরা হয়ে থাকবে শাকিব খানের সঙ্গে বিয়ের ঘটনা। ছবিতে শাকিবের সঙ্গে আমার বিয়ে হয়। এটা সত্যি দারুণ। ছবিতে আমার চরিত্রটা নেগেটিভ। সে (কোর্টনি কফি) বাংলাদেশে শাকিব খানকে বিয়ে করতে আসে এবং তাকে আমেরিকা নিয়ে যেতে চায়। এর বেশি কিছু জানাতে চাই না, বাকিটা সারপ্রাইজ থাকুক।

এর বাইরে সাঁতার কাটা নিয়ে দারুণ অভিজ্ঞতা হয়েছে। আমি সাঁতার কাটতে খুব পছন্দ করি। আমরা সুইমিংপুলে সাঁতার কেটে অভ্যস্ত কিন্তু এখানে এসে পুকুরে সাঁতার কেটেছি যেটা খুবই ভালো লেগেছে।’ ‘রাজকুমার’-এ কাজের অভিজ্ঞতা জানাতে গিয়ে এমন কথা বলেন কোর্টনি।

এছাড়াও শাকিব খানের সঙ্গে কাজের অভিজ্ঞতা দুর্দান্ত জানিয়ে তিনি বলেন, ‘শাকিব খান বাংলাদেশের ‘টম ক্রুজ’, এটা নিশ্চিত। সে কাজের প্রতি খুবই ডেডিকেটেড এবং প্রফেশনাল। সহশিল্পী হিসেবে একদমই পারফেক্ট। শুটিংয়ে সে খুবই মজার মানুষ। সবকিছু মিলিয়ে তার সঙ্গে কাজের অভিজ্ঞতা একদম পারফেক্ট।’

সবশেষে অভিনেত্রী জানান, বাংলাদেশে এসে তার ফুচকা, মিষ্টি, রসগোল্লা, মাছ এসব বেশ ভালো লেগেছে। দেশে ফিরে যাওয়ার সময় নিউ মার্কেট থেকে আট জোড়া জুতা ও কিছু চাদর কিনে নিয়ে গেছেন তিনি। সেইসঙ্গে এও জানান, বড়দিনে এগুলো বাংলাদেশি উপহার হিসেবে ব্যবহার করবেন। আরশাদ আদনান প্রযোজিত ‘রাজকুমার’ সিনেমাটি পরিচালনা করছেন হিমেল আশরাফ। ঢাকায় কয়েক দিন শুটের পর এখন ছবিটির শুটিং চলছে পাবনায়। নতুন বছরের শুরুতে বাকি অংশের শুটিং হবে যুক্তরাষ্ট্রে এরপর ২০২৮ সালের ঈদে মুক্তি পাবে বিগ বাজেটের এ সিনেমাটি।