সিরাজগঞ্জ বেলকুচিতে স্বতন্ত্র প্রার্থীর মিছিলে নৌকার সমর্থকরা হামলা চালিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। শনিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে পৌর এলাকার রানীপুরা বাজারে স্বতন্ত্র প্রার্থী সাবেক মন্ত্রী আলহাজ্ব আব্দুল লতিফ বিশ্বাসের ঈগল পাখি মার্কার মিছিলে নৌকার সমর্থক আলমাছ সিকদার ও তার ভাতিজা আল আমিন সিকদারের নেতৃত্বে অতর্কিত হামলায় দশজন আহত হয়েছেন।
আহতরা হলেন— দেলুয়া গ্রামের হাজী মোকসেদ আলীর ছেলে মনিরুল ইসলাম মনি (৪৫), দেলুয়া মধ্য গ্রামের মাছুম প্রামানিক (৭০), মৃত শান্তার ছেলে আব্দুর রাজ্জাক (৪৫), আজগর আলীর ছেলে আ: সালাম, মৃত কাহেজরের ছেলে আ: কাশেম, রানীপুরা গ্রামের আলতাফ হোসেনের ছেলে মো: জুনায়েদ আলম (১২)।
এ বিষয়ে বেলকুচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, রানীপুরা বাজারে নৌকার সমর্থকরা মিটিং করছিল, ঠিক সেইসময় পাশ দিয়ে স্বতন্ত্র প্রার্থীর (ঈগল প্রতীকের) মিছিল নিয়ে যাওয়ার সময় নৌকার সমর্থকরা মিছিলে হামলা করে। পরবর্তীতে ধাওয়া-পাল্টা ধাওয়া হয়। তাৎক্ষণিকভাবে আমি এবং এসিল্যান্ড ঘটনাস্থলে পৌঁছাই এবং আমরা উভয়পক্ষকে নিয়ম শৃঙ্খলা মেনে চলতে বলি।