মামুন ও প্রীতমের 'প্রথম' সেঞ্চুরিতে উত্তরাঞ্চলের জয়

ব্যাটসম্যানদের সম্মিলিত চেষ্টায় লড়ার মতো পুঁজিই গড়েছিল দক্ষিণাঞ্চল। কিন্তু আবদুল্লাহ আল মামুন ও প্রীতম কুমারের দুর্দান্ত ব্যাটিংয়ের বিপক্ষে কোনো প্রতিরোধই গড়তে পারলেন না দলটির বোলাররা। এই দুই ব্যাটসম্যানের চমৎকার দুটি সেঞ্চুরিতে জয় দিয়ে বাংলাদেশের ক্রিকেট লিগের ওয়ানডে টুর্নামেন্ট শুরু করল উত্তরাঞ্চল।

কক্সবাজারের শেখ কামাল স্টেডিয়ামের দুই নম্বর মাঠে প্রথম রাউন্ডের খেলায় আজ দক্ষিণাঞ্চলকে ৬ উইকেটে হারিয়েছে উত্তরাঞ্চল। প্রতিপক্ষের ৩০৫ রান তারা পেরিয়ে যায় ৯ বল বাকি থাকতে।

উত্তরাঞ্চলের এই জয়ে বড় অবদান রাখেন মামুন ও প্রীতম। তৃতীয় উইকেটে ১৮২ রানের জুটিতে জয়ের ভিত গড়ে দেন তারা। ৫ ছক্কা ও ৬ চারে ঠিক ১০০ রান করেন মামুন। ২ ছক্কা ও ৮ চারে ১০৮ রান করেন প্রীতম। লিস্ট 'এ' ক্রিকেটে দুইজনেরই এটা প্রথম সেঞ্চুরি।

টস হেরে আগে ব্যাটিংয়ে নামা দক্ষিণাঞ্চলের হয়ে ২ ছক্কা ও ৬ চারে ৬০ রান করেন আশিকুর রহমান শিবলি। বাংলাদেশের অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ জয়ের পথে দুটি সেঞ্চুরি করেছিলেন তিনি। যার মধ্যে একটি ছিল ফাইনালে। লিস্ট 'এ' ক্রিকেটে অভিষেক ম্যাচেও দারুণ খেললেন ১৮ বছর বয়সী এই তরুণ।

এছাড়া ফজলে মাহমুদ ৩১, অভিজ্ঞ মার্শাল আইয়ুব ৬১ ও নুরুল হাসান সোহান ৩৪ রান করেন। শেষ দিকে ঝড় তোলেন মোসাদ্দেক হোসেন সৈকত। ৩ ছক্কা ও ৭ চারে ৪৪ বলে ৬৯ রানের অপরাজিত ইনিংস খেলেন অভিজ্ঞ এই ক্রিকেটার। দুইটি করে ছক্কা-চারে ১৯ বলে ৩১ রানের ক্যামিও ইনিংস খেলেন সোহাগ গাজী।