গাজা যুদ্ধে ভারী মূল্য দিচ্ছে ইসরায়েল: নেতানিয়াহু

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, গাজায় যুদ্ধ চালাতে গিয়ে ভারী মূল্য দিতে হচ্ছে তেল আবিবকে। কিন্তু ইসরায়েলি সামরিক বাহিনীর কাছে যুদ্ধ চালিয়ে যাওয়া ছাড়া কোনো বিকল্প নেই। রবিবার (২৪ ডিসেম্বর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

ইসরায়েলি বাহিনী উল্লেখ করেছে গত শুক্রবার ফিলিস্তিন ভূখণ্ডে আরও ১৪ জন সেনা নিহত হয়েছে। এ নিয়ে মোট ১৫৩টি স্থল হামলা চালিয়েছে তারা।

সৈন্যদের মৃত্যুর বিষয়ে বেনিয়ামিন নেতানিয়াহু বলেন, শনিবার ছিল যুদ্ধের সবচেয়ে কঠিন দিন। তবে তার বাহিনী শেষ পর্যন্ত হামাসকে নির্মূলের চেষ্টায় থাকবে। একইসঙ্গে হামাসের হাতে জিম্মিদের নিরাপদে ফিরিয়ে নেওয়াও তাদের লক্ষ্য। তার মতে এই যুদ্ধ আরও দীর্ঘ হবে।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় ১৬৬ জন ফিলিস্তিনি নিহত হয়েছে। এতে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২০ হাজার ৪২৪ জনে। নিহতদের বেশিরভাগই নারী ও শিশু। অন্যদিকে ৭ অক্টোবর থেকে আহত ফিলিস্তিনির সংখ্যা ৫৪ হাজার জন।

অপরদিকে হামাসের হামলায় নিহত হয় এক হাজার ২০০ জন ইসরায়েলি। জিম্মি হয় ২৪০ জন। এর মধ্যে শতাধিক জিম্মিকে মুক্তি দিয়েছে হামাস।