বরিশাল-৫ আসনের স্বতন্ত্র প্রার্থী সালাহউদ্দিন রিপনের দুই কর্মীকে মারধর ও নির্বাচনী প্রচারে বাধা দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় বরিশাল-৫ আসনের আওয়ামী লীগের মনোনীত প্রার্থী কর্নেল অব. জাহিদ ফারুক শামীমের এক কর্মীর বিরুদ্ধে অভিযোগ করেছেন রিপন। এর আগে রবিবার বিকাল পৌনে ৪টার দিকে বরিশাল নগরীর নিউ সার্কুলার রোডে এ ঘটনা ঘটে।
সালাহউদ্দিন রিপন বলেন, নৌকা প্রতীকের প্রার্থী জাহিদ ফারুক শামীমের কর্মীরা আমার কর্মীদের মারধর করে আহত করেছে। এছাড়াও নগরীর ১৬ নম্বর ও ২১ নম্বর ওয়ার্ডে প্রচারণা চলাকালীন মাইক বন্ধ করে দিয়েছে। আর নগরীর ২৫ নম্বর ওয়ার্ডে মাইক ভাঙচুর করেছে এবং পোস্টারও ছিড়ে ফেলেছে। এ বিষয়ে পুলিশ কমিশনারের কাছে মৌখিক অভিযোগ দিয়েছি। পরে রিটানিং কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দেওয়া হবে।
এ ঘটনায় আহত আরিফ খান ও নাজমুল হোসেনকে বরিশাল শেরে-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহত নাজমুল হোসেন জানান, কয়েকজন নারী কর্মীসহ তারা সালাহউদ্দিন রিপনের ট্রাক প্রতীকের সমর্থনে নগরীর ফরেস্টার বাড়ি এলাকায় প্রচার চালাচ্ছিলেন। এ সময় নিউ সার্কুলার রোডের হার্ট ফাউন্ডেশনের সামনে ছাত্রলীগ নেতা পরিচয়ে লিয়ন নামের একজন তাদের মারধর করে। তখন তাদের সঙ্গে থাকা নারী কর্মীদের কটূক্তি করা হয়।
তবে রেজানুর রহমান লিয়ন এই অভিযোগ অস্বীকার করেছেন। তিনি বলেন, এ ধরনের কোনো ঘটনা ঘটেনি। আমি নৌকার নির্বাচনী সভায় আছি। এদিকে অভিযোগ পাওয়ার বিষয়টি স্বীকার করে পুলিশ কমিশনার জিহাদুল কবির বলেন, এ বিষয়ে ব্যবস্থা নিতে ওসিকে নির্দেশ দেওয়া হয়েছে।