ভাড়া বাড়ানোর প্রতিবাদে যাত্রীকে মারধরের অভিযোগ, ইলিশা ঘাটে অনশন

আপডেট : ২৫ মে ২০২৬, ০২:১০ এএম

ঢাকা থেকে ভোলাগামী যাত্রীবাহী লঞ্চে অতিরিক্ত ভাড়া আদায়ের প্রতিবাদ করায় দুই যাত্রীকে আটকে রেখে মারধরের অভিযোগ উঠেছে লঞ্চ স্টাফদের বিরুদ্ধে। ঘটনার বিচার ও যাত্রী হয়রানি বন্ধের দাবিতে ভোলার ইলিশা ঘাটের পন্টুনে প্রতীকী অনশন করেছেন ভুক্তভোগী দুই তরুণ।

রবিবার (২৪ মে) সকাল থেকে দুপুর পর্যন্ত হাতে বিভিন্ন দাবিসংবলিত প্ল্যাকার্ড নিয়ে পন্টুনে অবস্থান করেন তারা। মারধরের শিকার যাত্রীরা হলেন আবদুর রহমান ও ইমরান। 

ভুক্তভোগী ও প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার (২৩ মে) দুপুর পৌনে ১২টার দিকে ঢাকার সদরঘাট থেকে ‘এমভি ফারহান-৯’ লঞ্চে ভোলার উদ্দেশ্যে যাত্রা করেন তারা। লঞ্চে ওঠার সময় ডেক ভাড়া ৩০০ টাকা বলা হলেও মাঝনদীতে পৌঁছানোর পর স্টাফরা যাত্রীদের কাছে ৩৫০ টাকা করে দাবি করেন। অতিরিক্ত ভাড়া নেওয়ার প্রতিবাদ করলে কয়েকজন যাত্রীর সঙ্গে স্টাফদের বাগ্‌বিতণ্ডা শুরু হয়।

অভিযোগ রয়েছে, সন্ধ্যায় লঞ্চটি ভোলার ইলিশা ঘাটে পৌঁছালে সাধারণ যাত্রীদের নামতে দেওয়া হলেও আবদুর রহমান ও ইমরানকে আটকে রাখা হয়। পরে লঞ্চের কয়েকজন স্টাফ তাদের ওপর হামলা চালিয়ে বেদম মারধর করেন।

ঘটনার প্রতিবাদে রবিবার সকাল থেকেই ইলিশা ঘাটের পন্টুনে অবস্থান নেন ওই দুই তরুণ। এ সময় তাদের হাতে ‘যাত্রী হয়রানি বন্ধ হোক’ ও ‘অন্যায় মারধরের বিচার চাই’ লেখা প্ল্যাকার্ড দেখা যায়। তাদের এমন ব্যতিক্রমী প্রতিবাদ দেখতে ঘাট এলাকায় সাধারণ মানুষ ও অন্যান্য যাত্রীদের ভিড় জমে।

অনশনরত আবদুর রহমান বলেন, ‘আমরা কোনো অপরাধ করিনি। সাধারণ যাত্রী হিসেবে বাড়তি ভাড়া নেওয়ার প্রতিবাদ করেছি। কিন্তু এর জন্য আমাদের আটকে রেখে যেভাবে মারধর করা হয়েছে, তা অমানবিক। আমরা ঘটনার সুষ্ঠু বিচার চাই।’

তিনি আরও বলেন, ‘নৌপথে যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে, যেন ভবিষ্যতে আর কোনো যাত্রী এভাবে হয়রানির শিকার না হন।’

পরে দুপুরে তারা লিখিত অভিযোগ দিতে ও আইনগত ব্যবস্থা নিতে জেলা প্রশাসকের কার্যালয়ের উদ্দেশ্যে রওনা হন বলে জানা গেছে।

এদিকে ঘাটে থাকা অন্যান্য যাত্রীরাও লঞ্চ স্টাফদের আচরণের তীব্র সমালোচনা করেছেন। তাদের দাবি, ঢাকা-ভোলা নৌরুটে প্রায়ই অতিরিক্ত ভাড়া আদায় ও যাত্রীদের সঙ্গে দুর্ব্যবহারের ঘটনা ঘটে। মাঝনদীতে থাকায় যাত্রীরা অনেক সময় বাধ্য হয়েই অতিরিক্ত টাকা দিতে রাজি হন।

স্থানীয়দের দাবি, ঘটনার সুষ্ঠু তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়া হোক এবং নৌপথে যাত্রী নিরাপত্তা নিশ্চিতে প্রশাসন কার্যকর পদক্ষেপ গ্রহণ করুক।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত