প্রীতম-মামুনের সেঞ্চুরিতে জিতল উত্তরাঞ্চল 

চলমান বাংলাদেশ ক্রিকেট লিগে বদলেছে সংস্করণ। লাল বলে শিরোপা জেতার পর সাদা বলে প্রথম ম্যাচেই হার দেখেছে পূর্বাঞ্চল। মধ্যাঞ্চল তাদের হারায় ২৩ রানের ব্যবধানে। রান ফোয়ারার আরেক ম্যাচে দক্ষিণাঞ্চলকে ৬ উইকেটে হারিয়েছে উত্তরাঞ্চল। গতকাল কক্সবাজারের শেখ কামাল আন্তর্জাতিক স্টেডিয়ামে ওয়ানডে সংস্করণের ম্যাচ দুটো অনুষ্ঠিত হয়।

দুই নম্বর মাঠে টস হেরে আগে ব্যাটিংয়ে নেমে ৫ উইকেটে ৩০৫ রান করে দক্ষিণাঞ্চল। লিস্ট ‘এ’ ক্রিকেটে অভিষেক ম্যাচে ২ ছক্কা ও ৬ চারে ৬০ রান করেন আশিকুর রহমান শিবলি। বাংলাদেশের অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ জয়ের পথে দুটি সেঞ্চুরি করেছিলেন তিনি। শেষ দিকে ৩ ছক্কা ও ৭ চারে ৪৪ বলে ৬৯ রানের ঝড় তোলেন মোসাদ্দেক হোসেন সৈকত। এছাড়া ফজলে মাহমুদ ৩১, মার্শাল আইয়ুব ৬১, নুরুল হাসান সোহান ৩৪ ও সোহাগ গাজী ৩১ রান করেন।

জবাবে আবদুল্লাহ আল মামুন ও প্রীতম কুমারের দুর্দান্ত সেঞ্চুরিতে ৯ বল ও ৬ উইকেট বাকি থাকতেই লক্ষ্যে পৌঁছে যায় উত্তরাঞ্চল। তৃতীয় উইকেটে ১৮২ রানের জুটিতে জয়ের ভিত গড়ে দেন তারা। ৫ ছক্কা ও ৬ চারে ঠিক ১০০ রান করেন মামুন। ২ ছক্কা ও ৮ চারে ১০৮ রান করেন প্রীতম। লিস্ট ‘এ’ ক্রিকেটে দুজনেরই এটা প্রথম সেঞ্চুরি।

অন্য ম্যাচে মাহিদুল ইসলাম অঙ্কনের ৯৫ রানের ইনিংসে ভর করে নির্ধারিত ৫০ ওভারে সাত উইকেটে ২৮৮ রানের পুঁজি দাঁড় করায়। ৮৬ বলে ৬ চার ও ৪ ছয় হাঁকান অঙ্কন। নাইম ইসলাম ৫৫ ও নাইম শেখ ৪৮ রান করেন। পূর্বাঞ্চলের পেসার খালেদ আহমেদ তিনটি ও রাজা দুটি উইকেট পান। জবাবে ইয়াসিরের ৬৭, মমিনুলের ৪৭ ও জাকিরের ৩৮ রানে ৯ উইকেটে ২৫৭ রানে থামে পূর্বাঞ্চলের ইনিংস।