নভেম্বরে ঢাকায় সাফ চ্যাম্পিয়নশিপ

আপডেট : ০৪ জুন ২০২৬, ০১:৫১ এএম

আগামী নভেম্বরে ঢাকায় অনুষ্ঠিত হতে যাচ্ছে দক্ষিণ এশিয়ার সবচেয়ে মর্যাদাপূর্ণ ফুটবল আসর সাফ চ্যাম্পিয়নশিপ। একই সঙ্গে টুর্নামেন্টে প্রথমবারের মতো ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি (ভিএআর) প্রযুক্তি চালুর পরিকল্পনার কথাও জানিয়েছে দক্ষিণ এশীয় ফুটবল ফেডারেশনের (সাফ) সাধারণ সম্পাদক পুরুষোত্তম কাট্টেল। গতকাল বুধবার সাফ আয়োজিত এক সংবাদ সম্মেলনে কাট্টেল জানান, আগামী ৪ থেকে ১৭ নভেম্বরের মধ্যে ঢাকায় সাফ চ্যাম্পিয়নশিপ আয়োজনের পরিকল্পনা রয়েছে। যদিও এখনো আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়নি, তবে সাফের সাতটি সদস্য দেশই এ সময়ে অংশগ্রহণে সম্মতি জানিয়েছে। তিনি বলেন, ‘আমরা চাই সাফের সব সদস্য দেশ টুর্নামেন্টে অংশ নেবে। এ জন্যই সব কিছু নিশ্চিত হওয়ার আগে আনুষ্ঠানিক ঘোষণা দিইনি। তবে এখন বলতে পারি নভেম্বরে ঢাকায় সাফ চ্যাম্পিয়নশিপ আয়োজনের পরিকল্পনা রয়েছে।’ জানা গেছে, ঢাকার জাতীয় স্টেডিয়াম ও কিংস অ্যারেনায় হতে পারে সাফের আসর।

সংবাদ সম্মেলনে ভিএআর প্রসঙ্গে কাট্টেল বলেন, ‘আধুনিক ফুটবলে ভিএআর একটি গুরুত্বপূর্ণ সংযোজন এবং সাফও এ প্রযুক্তি চালুর বিষয়ে কাজ করছে। তবে বিষয়টি এখনো চূড়ান্ত নয়।’ তার ভাষায়, ‘ভিএআর বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় অবকাঠামো ও অর্থায়নের বিষয় রয়েছে। বিশেষজ্ঞরা স্টেডিয়ামের অবস্থা পর্যালোচনা করবেন। যদি তারা বলেন যে, অবকাঠামো প্রস্তুত, তাহলে আমরা ভিএআর ব্যবহার করব।’ তিনি আরও জানান, উন্নতমানের ভিএআর পরিচালনায় প্রতি ম্যাচে প্রায় ২০ হাজার মার্কিন ডলার পর্যন্ত খরচ হতে পারে। তাই তুলনামূলক কম ব্যয়বহুল বিকল্প নিয়েও আলোচনা চলছে।

আগে সাফ চ্যাম্পিয়নশিপ সেপ্টেম্বরে আয়োজনের পরিকল্পনা থাকলেও পরে তা পিছিয়ে নভেম্বরে নির্ধারণ করা হয়েছে। এ বিষয়ে কাট্টেল বলেন, ‘ভারতের আন্তর্জাতিক ব্যস্ততাসহ বিভিন্ন সূচিগত কারণে নতুন সময় নির্ধারণ করা হয়েছে। কারণ সেপ্টেম্বরে আসিয়ানের একটি টুর্নামেন্টে তাদের অংশগ্রহণের কথা রয়েছে। পাশাপাশি সব সদস্য দেশের অংশগ্রহণ নিশ্চিত করাও ছিল অন্যতম লক্ষ্য।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত