দিনাজপুরে ট্রেন চলাচলে নিরাপত্তায় ৪৮৪ আনসার

সম্প্রতি দেশব্যাপী রেললাইনে নাশকতার ঘটনা বেড়ে গেছে। রেললাইনে নাশকতা প্রতিরোধে দিনাজপুর জেলার ৪টি রুটে আনসার সদস্যদের মোতায়েন করা হয়েছে। জেলার ৫৭টি পয়েন্টে ৪৮৪ জন আনসার সদস্যের পাহারায় নির্বিঘ্নে চলাচল করছে ৬৪টি ট্রেন। রেললাইনে নাশকতা প্রতিরোধের পাশাপাশি বিভিন্ন দায়িত্ব পালন করছেন এই আনসার সদস্যরা।

তেমনি কয়েকজন আনসার সদস্যের কারণে বড় ধরনের দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেয়েছে আন্তনগর একতা এক্সপ্রেসের হাজারো যাত্রী।

রবিবার সন্ধ্যা সাড়ে ৭টায় বিরল উপজেলার কাঞ্চন রেলওয়ে জংশনের পাশে পাহারা দেওয়ার সময় আনসার সদস্যরা রেললাইনে ফাটল দেখতে পায়। পরে কর্তব্যরতদের জানালে তারা ঢাকা থেকে পঞ্চগড়গামী আন্তনগর একতা এক্সপ্রেস ট্রেনটিকে কাঞ্চন জংশনে আটকে দেয়। ফলে বড় ধরনের দুর্ঘটনার হাত থেকে রক্ষা পায় ট্রেনের হাজারো যাত্রী।

জানা গেছে, রেললাইনের নিরাপত্তার জন্য কাঞ্চন জংশন এলাকায় নিরাপত্তার দায়িত্বে ছিলেন আনসার ও ভিডিপির ইউনিয়ন দলনেতা আমিনুল ইসলাম, আনসার কমান্ডার আইয়ুব আলী, সদস্য আরিফ রহমান, কান্ত সাহা ও মোস্তফা কামাল। রাত পৌনে ৯টায় টহল দেওয়ার সময় রেললাইনের একটি জায়গায় ফাটল দেখতে পান তারা। একই সময় ঢাকা থেকে ছেড়ে আসা আন্তনগর একতা এক্সপ্রেস ট্রেনটি দিনাজপুর স্টেশন থেকে ছেড়ে যায়। আনসার সদস্যরা তাৎক্ষণিক বিষয়টি রেলওয়ে কর্তৃপক্ষকে অবহিত করলে একতা এক্সপ্রেস ট্রেনটি কাঞ্চন জংশনে থেমে যায়। পরে ফাটল জায়গাটির ওপর দিয়ে ধীরগতিতে ট্রেনটি অতিক্রম করে চলে যায়।

দলনেতা আমিনুল ইসলাম জানান, রাতে রেললাইনে ফাটল দেখে কর্তৃপক্ষকে জানাই। তারা কাঞ্চন জংশনে লাল সিগন্যাল দেখায়। ফলে ট্রেনটি জংশনে আটকে যায়। পরে রেল কর্মকর্তাদের উপস্থিতিতে ধীরগতিতে ফাটল জায়গাটির ওপর দিয়ে ট্রেনটি পঞ্চগড়ের উদ্দেশে চলে যায়। ট্রেনটিতে হাজারো মানুষ ছিল। যদি দ্রুতগতিতে ফাটল জায়গাটির ওপর দিয়ে ট্রেন যেত তাহলে যেকোনো সময় দুর্ঘটনার আশঙ্কা ছিল।

এদিকে দিনাজপুর-পার্বতীপুর রেল রুটে সদর উপজেলার শেখপুরায় সরজমিন গিয়ে দেখা যায়, তীব্র শীত উপেক্ষা করে রেললাইন নাশকতা এড়াতে পাহারায় রয়েছে পাঁচজন আনসার সদস্য। আনসার সদস্যরা জানান, তারা রাত ৮টা থেকে সকাল ৮টা পর্যন্ত দায়িত্ব পালন করবেন। এই সময়ে পাঁচ আনসার সদস্য একদল হয়ে ৪ কিলোমিটার রেললাইন পাহারা দিচ্ছেন। সকাল ৮টার পর তাদের এখানে আসবেন তিনজন আনসার সদস্য। ওই তিনজন আনসার সদস্য দায়িত্ব পালন করবেন সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত। অর্থ্যাৎ দিনে তিনজন আর রাতে পাঁচজন আনসার সদস্য দলভুক্ত হয়ে রেললাইন পাহারার দায়িত্ব পালন করছেন।

দিনাজপুর রেল স্টেশনের সুপার জিয়াউর রহমান জানান, রেললাইনের ফাটলটি দীর্ঘদিনের। বিষয়টি ইঞ্জিনিয়াররা জানেন। এটির ওপর দিয়ে ট্রেন চলাচলে কোনো সমস্যা হবে না।

তিনি আরও জানান, দিনাজপুরের পার্বতীপুর রেলওয়ে জংশনের ওপর দিয়ে প্রতিদিন ৬৪টি আন্তনগর ও মেইলে ট্রেন চলাচল করে। এর মধ্যে মিটারগেজ লাইনে ৩২টি মেইল ট্রেন ও ব্রডগেজ লাইনে ৩২টি আন্তনগর ট্রেন রয়েছে। বর্তমানে রেলপথ পর্যবেক্ষণে দায়িত্বে রয়েছে আনসার সদস্যসহ রেলওয়ের কি-ম্যান এবং ওয়েম্যানরা।

দিনাজপুর জেলার আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর কমান্ড্যান্ট মো. হাছান আলী জানান, দিনাজপুরের রেলপথের ৫৭টি পয়েন্টে ৪৮৪ জন আনসার সদস্য রেলওয়ের নিরাপত্তার কাজে নিয়োজিত রয়েছে। এছাড়া আরও ৫৪ জন আনসার সদস্য নতুন করে নিরাপত্তার কাজে সংযুক্ত করা হবে। নিয়োজিতরা আটজনে বিভক্ত হয়ে দুই শিফটে দায়িত্ব পালন করছেন। এর মধ্যে দিনে তিনজন ও রাতে পাঁচজন।