রাজবাড়ীতে রেললাইন থেকে নারীসহ দুজনের মরদেহ উদ্ধার করেছে রেলওয়ে থানা পুলিশ। মঙ্গলবার (২০ অক্টোবর) সকালে সদর উপজেলার পৃথক দুটি স্থান থেকে মরদেহগুলো উদ্ধার করা হয়। তাদের মধ্যে একজনের পরিচয় শনাক্ত হয়েছে, অন্যজনের পরিচয় জানা যায়নি।
নিহত সাকিবের (৩০) বাড়ি বরিশাল জেলার বানারীপাড়া উপজেলার ছলিয়াবাদপুর গ্রামে। তিনি রফিকুল ইসলামের ছেলে।
রাজবাড়ী জিআরপি থানা সূত্রে জানা যায়, সোমবার (১৯ অক্টোবর) রাতে সদর উপজেলার কুটি পাঁচুরিয়া প্রেসকার বাড়ি এলাকা থেকে আনুমানিক ৫০ বছর বয়সী এক অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার করা হয়।
এছাড়া মঙ্গলবার সকালে মিজানপুর ইউনিয়নের বড়লক্ষীপুর গ্রামের আজাদের দোকানসংলগ্ন এলাকায় এক যুবকের মরদেহ দেখতে পান স্থানীয়রা। পরে তারা পুলিশকে খবর দিলে তারা ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। ধারণা করা হচ্ছে, খুলনাগামী সুন্দরবন এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় তার মৃত্যু হয়।
রাজবাড়ী রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মিজানুর রহমান বলেন, পৃথক দুই স্থান থেকে দুজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। তাদের মধ্যে একজনের পরিচয় শনাক্ত করা গেছে। অন্যজনের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। মরদেহ দুটি মর্গে রাখা হয়েছে।