বালুবোঝাই ট্রাকে বলাকা এক্সপ্রেসের ধাক্কা, নিহত ৪

ময়মনসিংহ শহরে মালবাহী একটি ট্রাকে বলাকা কমিউটার ট্রেনের ধাক্কায় চারজনের মৃত্যু হয়েছে। দুর্ঘটনায় আহত হয়েছেন অন্তত আরও চারজন।

আজ সোমবার দুপুরে ময়মনসিংহ রেলওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম এ তথ্য নিশ্চিত করে বলেন, খবর পেয়ে আমরা চারজনের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ মর্গে পাঠিয়েছি। তবে তাৎক্ষণিকভাবে মৃতদের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি বলেও জানান এই কর্মকর্তা।

ময়মনসিংহ রেলওয়ে স্টেশনের মাস্টার নাজমুল হক খান বলেন, আজ দুপুর দেড়টার দিকে শহরের শম্ভুগঞ্জ লেভেল ক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে। এরপর থেকে ময়মনসিংহ-নেত্রকোণা রুটে রেল যোগাযোগ বন্ধ রয়েছে। দুপুরে বালুবাহী একটি ট্রাক লেভেল ক্রসিংয়ে উঠে পড়ে। সে সময় ঢাকাগামী বলাকা কমিউটার ট্রেন ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে। তিনি আরও জানান, দুর্ঘটনার কারণে সড়ক পথেও ময়মনসিংহ ও কিশোরগঞ্জের যোগাযোগ বন্ধ হয়ে গেছে।