সীতাকুণ্ডে ট্রেনে কাটা পড়ে রেলওয়ে শ্রমিকের মৃত্যু

আপডেট : ২১ এপ্রিল ২০২৬, ০৫:১৩ পিএম

চট্টগ্রামের সীতাকুণ্ডে রেললাইনে কাজ করার সময় ট্রেনে কাটা পড়ে মো. রফিকুল ইসলাম (৫৫) নামের এক রেলওয়ে শ্রমিকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২১ এপ্রিল) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার বাড়বকুণ্ড রেলস্টেশন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত রফিকুল ইসলাম চট্টগ্রামের মিরসরাই উপজেলার মৃত আমীর হোসেনের ছেলে। তিনি কর্মস্থলের কারণে সীতাকুণ্ড রেলগেট এলাকায় বসবাস করতেন।

রেলওয়ে পুলিশ সূত্রে জানা যায়, ঘটনাস্থলে একসঙ্গে দুটি ট্রেন চলাচলের সময় দুর্ঘটনাটি ঘটে। চাঁদপুর থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী মেঘনা এক্সপ্রেস ডাউন লাইনে স্টেশন অতিক্রম করছিল। এ সময় রেললাইনে কাজ করা রফিকুল আপলাইনে উঠে দাঁড়ালে বিপরীত দিক থেকে আসা ঢাকাগামী একটি ট্রেনের নিচে পড়ে যান তিনি। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

সীতাকুণ্ড রেলওয়ে পুলিশ ফাঁড়ির সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. রাশেদ রানা জানান, দুর্ঘটনার পর সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত