হাতীবান্ধায় স্বতন্ত্র প্রার্থীর মিছিলে হামলা, আহত ৮

লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার গড্ডিমারী ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী আতাউর রহমানের অফিস ভাঙচুর ও নেতা-কর্মীদের উপর হামলার অভিযোগ উঠেছে। হামলার ঘটনায় স্বতন্ত্র প্রার্থীর ৮ নেতাকর্মী আহত হয়েছেন। রবিবার (২৫ ডিসেম্বর) রাতে নৌকার কর্মীরা হামলা চালিয়েছে বলে অভিযোগ স্বতন্ত্র প্রার্থীর। আহতদের হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

স্থানীয়রা জানান, রবিবার রাতে ঈগল প্রতীকের সমর্থকরা সাধুর বাজারে মিছিল করে। এসময় তাদের উপর হামলা ও বাজারে থাকা নির্বাচনী অফিস ভাঙচুর করা হয়। একই রাতে মিলন বাজারের অপর একটি অফিসে হামলা চালানো হয়। এসময় স্বতন্ত্র প্রার্থীর কর্মীদের মারধর ও অফিস ভাঙচুর করা হয়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

হামলা-ভাঙচুরের বিষয়ে স্বতন্ত্র প্রার্থী আতাউর রহমান প্রধান বলেন, আমার দুটি নির্বাচনী অফিস ভাঙচুর করেছে নৌকার কর্মীরা। তারা আমার নেতা-কর্মীদের উপরেও হামলা করেছে। আমার ৮ নেতাকর্মী এখন হাসপাতালে চিকিৎসাধীন।

হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম জানান, ঘটনাস্থলে পুলিশ পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে আহতদের হাসপাতালে পাঠানো হয়।