সরকার তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করবে বলে জানিয়েছেন ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু।
তিনি বলেন, এখন যারা তিস্তা নিয়ে প্রপাগন্ডা ছড়াচ্ছে, তিস্তাপাড়ের দুই কোটি মানুষের আন্দোলনের সময় তাদের খুঁজে পাওয়া যায়নি। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন পদ্মা ব্যারেজও হবে, তিস্তা মহাপরিকল্পনাও হবে। অথচ কিছুই হয়নি। তবে এই সরকারের আমলেই তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে।
সোমবার (২৫ মে) সকালে লালমনিরহাটের সদর উপজেলার চিনাতুলী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে বিদ্যানন্দ ফাউন্ডেশনের উদ্যোগে ব্যতিক্রমী হাটের উদ্বোধনকালে ত্রাণমন্ত্রী এসব কথা বলেন।
আসাদুল হাবিব দুলু বলেন, ঈদের আনন্দ যেন সমাজের সব স্তরের মানুষের মাঝে সমভাবে ছড়িয়ে পড়ে, সে লক্ষ্যেই বিদ্যানন্দ ফাউন্ডেশন এই প্রশংসনীয় উদ্যোগ নিয়েছে। দরিদ্র মানুষের মুখে হাসি ফোটাতে এবং সামাজিক বৈষম্য কমাতে এ ধরনের কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
সমাজের বিত্তবানদেরও এভাবে অসহায় মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়ে তিনি বলেন, সরকারের পাশাপাশি বেসরকারি উন্নয়ন সংস্থাগুলোর এমন মানবিক উদ্যোগগুলো দেশের কল্যাণমূলক কার্যক্রমকে আরও বেগবান করছে।
উদ্বোধন অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন লালমনিরহাট জেলা প্রশাসক রাশেদুল হক প্রধান, জেলা পরিষদ প্রশাসক একেএম মমিনুল হক, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মনোনীতা দাস, বিদ্যানন্দ ফাউন্ডেশনের প্রতিনিধি জামাল উদ্দিন ও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাদ আহমেদসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
