স্বতন্ত্রের প্রচারণা করায় ৩৫ মুক্তিযোদ্ধাকে মারধর নৌকা সমর্থকের

নারায়ণগঞ্জের রূপগঞ্জের চনপাড়ায় স্বতন্ত্র প্রার্থী শাহজাহান ভূঁইয়ার পক্ষে নির্বাচনী প্রচারণা করায় ৩৫ জন মুক্তিযোদ্ধার উপর হামলার অভিযোগ উঠেছে নৌকা প্রতীকের প্রার্থী গোলাম দস্তগীর গাজীর সমর্থকদের বিরুদ্ধে। ইউপি সদস্য শমসের আলীর নেতৃত্বে মুক্তিযোদ্ধাদের ওপর হামলা করা হয় বলে অভিযোগ করেছেন ভুক্তভোগীরা।

আজ সোমবার (২৫ ডিসেম্বর) দুপুরে উপজেলার মঠেরঘাট এলাকায় রূপগঞ্জ প্রেসক্লাব কার্যালয়ে হামলার অভিযোগ এনে ভুক্তভোগী মুক্তিযোদ্ধারা সংবাদ সম্মেলন করেন। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, মুক্তিযোদ্ধা হাসান মাসুদ, মুক্তিযোদ্ধার চাঁন মিয়া, মুক্তিযোদ্ধা আজিুল হক ও আলাউদ্দিন, আব্দুর রশিদ, আব্দুল হক, সানাউল্লাহসহ আরও অনেকে।

সংবাদ সম্মেলনে মুক্তিযোদ্ধারা অভিযোগ করেন, আজ সোমবার দুপুরে ৩৫ জন মুক্তিযোদ্ধা স্বতন্ত্র প্রার্থী (কেটলি) শাহজাহান ভূঁইয়া নির্বাচনী প্রচারণা চালাতে চনপাড়া পুর্ণবাসন কেন্দ্র এলাকায় যান। একই সময় নৌকা প্রতীকের প্রার্থী গোলাম দস্তগীর গাজীর পক্ষে নির্বাচনী প্রচারণা চালাচ্ছিলেন ইউপি সদস্য শমসের আলী। বেলা ১১টার দিকে গাজী সমর্থিত ইউপি সদস্য শমসেরের নেতৃত্বে তার লোকজন নৌকার একটি মিছিল নিয়ে মুক্তিযোদ্ধাদের ঘিরে ফেলেন। এসময় শমসের ও তার লোকজন মুক্তিযোদ্ধাদের অকথ্য ভাষায় গালিগালাজ শুরু করতে থাকেন। এক পর্যায়ে শমসের ও তার লোকজন প্রচারণা ও গণসংযোগকালে মুক্তিযোদ্ধা হাসান মাসুদ, মুক্তিযোদ্ধার আজিজুল হক, মুক্তিযোদ্ধা ছানাউল্লাহ, মুক্তিযোদ্ধা চাঁন মিয়াসহ উপস্থিত ৩৫ জন মুক্তিযোদ্ধাকে মারধর করেন। এ সময় মুক্তিযোদ্ধা আজিজুল হককে অণ্ডকোষে আঘাত করে গুরুতর আহত করেন।

মুক্তিযোদ্ধারা আরও অভিযোগ করে বলেন, ‘আমরা বহুকষ্টে যুদ্ধ করে দেশ স্বাধীন করেছি। কিন্তু সন্ত্রাসীরা আমাদের আমাদের উপর নির্মমভাবে হামলা চালিয়েছে এটি খুবই দুঃখজনক। আমরা মুক্তিযোদ্ধরাই স্বতন্ত্র প্রার্থীর পক্ষে যদি প্রচারণা করতে না পারি তাহলে সাধারণ মানুষের কি অবস্থা চিন্তা করেন। আমরা বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার কাছে এর দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।’

এ ব্যাপারে অভিযুক্ত চনপাড়া পূর্ণবাসন কেন্দ্রের ৯নং ওয়ার্ডের ইউপি সদস্য শমসের আলী বলেন, ‘বীর মুক্তিযোদ্ধারা চনপাড়ার শেখ রাসেল নগর ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থীকে পক্ষে শান্তিপূর্ণভাবে গণসংযোগ করেছেন। কোথাও কেউ তাদের বাধা দেয়নি। তারা হয়তো কারও দ্বারা প্রভাবিত হয়ে এখন সংবাদ সম্মেলন করে অপপ্রচার ছড়ানোর চেষ্টা করছেন। এ ধরনের কোনো ঘটনা ঘটেনি। নৌকার প্রার্থীকে হয়রানি করার জন্য এসব অপপ্রচার ও মিথ্যা অভিযোগ করানো হচ্ছে।’