চোটের কারণে এশিয়া কাপ খেলতে পারেননি এবাদত হোসেন। ছিটকে গিয়েছিলেন স্বপ্নের বিশ্বকাপ থেকেও। এবার নতুন খবর আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপেও খেলা নিয়ে রয়েছে শঙ্কা। হাঁটুর চোট থেকে সেরে উঠে এই পেসার মাঠে ফিরতে পারেন আগামী আগস্টে।
আজ (মঙ্গলবার) গণমাধ্যমের সঙ্গে আলাপকালে বিষয়টি নিশ্চিত করেছেন প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু। জানিয়েছেন, আগামী বছরের আগষ্টের দিকে মাঠের ক্রিকেটে ফিরতে পারেন সিলেট রকেটখ্যাত এই পেসার।
ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রের মাটিতে ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপ আসর বসবে আগামী জুন মাসে।
এবাদতের ইনজুরির আপডেট নিয়ে নান্নু বলেন, ‘এবাদতের মনে হয় পরবর্তী মৌসুম থেকে শুরুর সম্ভাবনা আছে। আগষ্ট-সেপ্টেম্বরে আমাদের ঘরোয়া ক্রিকেট আছে সেটা নিয়ে হয়তো ফিরবে। আমাদের কাছে এমন একটা আপডেট আছে।’
চলতি বছরের জুলাইয়ে আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজে হাঁটুর চোটে পড়েছিলেন এবাদত হোসেন। যে চোট টাইগার এই পেসারকে বঞ্চিত করেছে এশিয়া কাপ ও ওয়ানডে বিশ্বকাপ থেকে। এরপর সেই পা নিয়ে ছুরি কাঁচির নিচেও যেতে হয়েছিল এবাদতকে। আসন্ন বাংলাদেশ প্রিমিয়ার লিগেও (বিপিএল) খেলছেন না তিনি। এবার জানা গেল আসন্ন ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপেও খেলা হচ্ছে না এবাদতের।
আফগানিস্তানের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে বোলিং করার সময় বাঁ পায়ে ব্যথা পান এবাদত। সে কারণে পরের ম্যাচে আফগানদের বিপক্ষে খেলা হয়নি তার। পরবর্তীতে স্ক্যান করে দেখা যায় অ্যান্টেরিয়র ক্রুসিয়েট লিগামেন্ট (এসিএল) ইনজুরিতে পড়েছেন ডানহাতি এই পেসার।