‘ব্রাজিলের এমন পরিস্থিতি দেখে পেলেও কষ্ট পেতেন’

মাঠের ফুটবলে সময়টা ভালো কাটছে না ব্রাজিলের। অন্তর্বর্তীকালীন কোচ ফার্নান্দো দিনিজের অধীনে নিজেদের সবশেষ তিন ম্যাচেই হেরেছে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। প্রথমবারের মতো ঘরের মাঠে ফিফা বিশ্বকাপের বাছাইপর্বের ম্যাচও হেরেছে। ব্রাজিল জাতীয় দলের বর্তমান পরিস্থিতি দেখলে পেলেও কষ্ট পেতেন বলে মন্তব্য করেছেন কিংবদন্তি এই ফুটবলারের ছেলে এডিনহো।

২৯ ডিসেম্বর পেলের প্রথম মৃত্যুবার্ষিকী। সেই উপলক্ষ্যে এক সাক্ষাৎকারে পেলের ছেলে এডিনহো এমন কথা বলেন। পেলের সাত সন্তানের মধ্যে দ্বিতীয় এডিনহো নিজেও একজন পেশাদার ফুটবলার ছিলেন। ৫৩ বছর বয়সী এডিনহো বলেন, ‘ব্রাজিল জাতীয় দলের এই সমস্যা এক রাতের মধ্যে হয়নি। এখানে অনেক বড় ও জটিল সমস্যা আছে। আমরা একটি পতনের সম্মুখীন হয়েছি। এখনো এই দলে বেশ কিছু তারকা আছে। কিন্তু অতীতে আরো উঁচু মানের খেলোয়াড়রা ছিলেন।’

অনেকটা দুঃখ করেই এডিনহো বলেছেন, ‘এতে কোনো সন্দেহ নেই যে, এই পরিস্থিতিতে যদি পেলে থাকতেন তাহলে তিনি অনেক কষ্ট পেতেন।’

পেলে তার ক্যারিয়ারের বেশীরভাগ সময়ই কাটিয়েছেন সান্তোসে। তার প্রিয় এই ক্লাবটিও বর্তমানে সংকটের মধ্যে দিয়ে যাচ্ছে। সম্প্রতি ক্লাবের ১১১ বছরের ইতিহাসে প্রথমবারের মত তারা রেলিগেটেড হয়ে দ্বিতীয় বিভাগে নেমে গেছে।

কয়েক মৌসুমে সান্তোসের গোলকিপার হিসেবে খেলা এডিনহো বলেন, ‘দুর্ভাগ্যবশত আমি এখানে কোনো বিস্ময়কর কিছু দেখছি না। যারা এই ক্লাবের নিয়মিত কাজের সাথে জড়িত তারা এই ভবিষ্যদ্বাণী আগেই করে রেখেছিল। দিনের শেষে এমনটাই হওয়ার কথা ছিল।’