বিশ্বকাপের শেষ ১৬-এর ম্যাচে নরওয়ের কাছে হেরে ব্রাজিলের বিদায়ের রেশ কাটতে না কাটতেই এক অপ্রত্যাশিত দৃশ্যে দেখা মিলল সেলেসাও তারকা নেইমারের। স্টেডিয়ামের সবুজ গালিচা থেকে দূরে, যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় অবস্থিত ইউনিভার্সাল স্টুডিওস থিম পার্কে ভক্তদের ক্যামেরায় ধরা পড়েছেন এই ব্রাজিলিয়ান ফরোয়ার্ড, যেখানে তাকে একটি মোবিলিটি স্কুটারে (গতিশীল স্কুটার) চড়ে ঘুরে বেড়াতে দেখা গেছে।
আর্লিং হালান্ডের জোড়া কোলে নরওয়ের কাছে ২-১ ব্যবধানে হেরে বিশ্বকাপ থেকে ছিটকে যায় ব্রাজিল। ম্যাচ শেষে নেইমার আন্তর্জাতিক ফুটবল থেকে নিজের অবসরের ঘোষণা দেন। এই মানসিক ধাক্কার মাত্র কয়েকদিন পরই ফ্লোরিডার থিম পার্কে পরিবার ও বন্ধুদের সাথে সময় কাটাতে দেখা গেল তাকে
গ্রীষ্মকালীন ক্যাজুয়াল পোশাকে ছদ্মবেশে থাকার চেষ্টা করলেও থিম পার্কের দর্শনার্থীরা দ্রুতই চিনে ফেলেন ব্রাজিলিয়ান নম্বর 'টেন'-কে। তবে সবচেয়ে বেশি আলোচনা তৈরি করেছে তার স্কুটারে চড়ে ঘুরে বেড়ানোর দৃশ্যটি। তীব্র রোদের মাঝে নিরাপত্তারক্ষী বেষ্টিত হয়ে তিনি যখন স্কুটারে যাচ্ছিলেন, তখন চারপাশ থেকে ভক্তরা তাকে ছেঁকে ধরে।
দ্য সান-এর বরাতে এক প্রত্যক্ষদর্শী জানান, "প্রথমে কেউই বুঝতে পারেনি যে ওটা নেইমার। কিন্তু যখন সবাই চিনতে পারল, তখন চারপাশ থেকে মানুষ তাকে ঘিরে ধরে। আমি জানি না কেন তিনি স্কুটারে ছিলেন, তবে সেখানে প্রচণ্ড গরম ছিল।"
মাঝে মাঝে তাকে স্কুটার ছেড়ে হেঁটে মেয়ের হাত ধরে ঘুরতেও দেখা গেছে। নেইমারের পার্টনার ব্রুনা বিয়ানকার্ডি সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ কিছু ছবি শেয়ার করেছেন, যেখানে এই দম্পতিকে রোলার কোস্টারে চড়তে এবং হাসিমুখে পোজ দিতে দেখা গেছে।
নেইমারকে ছাড়াই দল সাজাচ্ছে সান্তোস
বিশ্বকাপের পর আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেও পেশাদার ক্লাব ফুটবল নেইমার চালিয়ে যাবেন কি না, তা নিয়ে চরম অনিশ্চয়তা তৈরি হয়েছে। এরই মাঝে এই তারকা ফুটবলারকে নিয়ে নতুন সিদ্ধান্ত নিয়েছে তাঁর বর্তমান ক্লাব সান্তোস।
ব্রাজিলিয়ান চ্যাম্পিয়নশিপের আগামী ম্যাচগুলোতে এই 'নাম্বার টেন'-কে ছাড়াই দল সাজানোর পরিকল্পনা করছেন সান্তোসের কোচ কুকা। ক্লাবের সঙ্গে এই তারকার চুক্তির মেয়াদ রয়েছে আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত। তবে বিশ্বকাপ থেকে সেলেসাওদের এমন অকাল বিদায়ের বড় ধাক্কা সামলাতে নেইমারকে আপাতত অন্তত ১০ দিনের বিশেষ ছুটি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ক্লাব কর্তৃপক্ষ।
আপাতত সপরিবারে ছুটি কাটাতে আরও কিছুদিন যুক্তরাষ্ট্রে অবস্থান করবেন নেইমার। সান্তোসের শীর্ষ কর্তারা এই তারকা ও তাঁর ম্যানেজমেন্টের সঙ্গে কথা বলার জন্য একটি সবুজ সংকেতের অপেক্ষায় রয়েছেন। তবে এই গুরুত্বপূর্ণ বৈঠকের জন্য বা অনুশীলনে ফেরার জন্য নির্দিষ্ট কোনো তারিখ এখনো চূড়ান্ত করা হয়নি। আগামী ১৬ জুলাই এঞ্জেনহাও স্টেডিয়ামে বোটাফোগোর মুখোমুখি হবে সান্তোস, যেখানে নেইমারকে ছাড়াই মাঠে নামবে দল।
হ্যারি কেইনকে নিয়ে ট্রাম্পের স্ট্যাটাস, পাম বিচের গোপন গল্প ফাঁস!