মাগুরা-১ আসনের আওয়ামী লীগের প্রার্থী ক্রিকেটার সাকিব আল হাসান বলেছেন, ‘প্রধানমন্ত্রী বাংলাদেশকে অনন্য উচ্চতায় নিয়ে গেছেন। বাংলাদেশের উন্নয়নের সে ধারাকে অব্যাহত রাখতে নৌকার বিকল্প নেই। নৌকায় ভোট দিলে আমি জিতব, প্রধানমন্ত্রী জিতবেন, আওয়ামী লীগ জিতবে, বাংলাদেশ জিতবে। এটা আমার বাবার ইউনিয়ন, আপনাদের কাছে আমার দাবি বেশি।’
আজ মঙ্গলবার (২৬ ডিসেম্বর) বিকেলে মাগুরার শ্রীপুর উপজেলার সব্দালপুরস্থ সাকিবের দাদা বাড়ির স্কুল মাঠে ইউনিয়ন আওয়ামী লীগ আয়োজিত নির্বাচনী সভায় তিনি এ কথা বলেন।
ইউনিয়ন আওয়ামী লীগ নেতা রফিকুল ইসলারে সভাপতিত্বে নির্বাচনী সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, মাগুরা-১ আসনের সংসদ সদস্য সাইফুজ্জামান শিখর। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল ফাত্তাহ, সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান পঙ্কজ কুমার কুন্ডু, সহ সভাপতি অ্যাডভোকেট সৈয়দ শরিফুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও নাকোল ইউপি চেয়ারম্যান হুমাউনুর রশিদ মুহিত, শ্রীপুর উপজেলা চেয়ারম্যান মিয়া মাহমুদুল গণি শাহীন, সব্দালপুর ইউপি চেয়ারম্যান পান্না খাতুন, জেলা যুবলীগের আহ্বায়ক ফজলুর রহমান ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুশফিকুর রহমাম মিল্টনেরসহ অন্যরা।
সাইফুজ্জামান শিখর বলেন, ‘নৌকা আমার কাছে আমানত ছিল প্রধানমন্ত্রী সাকিবের হাতে নৌকা তুলে দিয়েছেন। আমরা মাগুরার আওয়ামী লীগের সবাই ঐক্যবদ্ধ। সকলে মিলে নৌকাকে বিজয়ী করে মাগুরার উন্নয়নের ধারাকে অব্যাহত রাখব।’