সম্ভাবনা

স্বতন্ত্র এগিয়ে

ফরিদপুর প্রতিনিধি : ভাঙ্গা-সদরপুর ও চরভদ্রাসন আসন নিয়ে গঠিত ফরিদপুর-৪ আসনে এবারের নির্বাচনে দলীর মনোনয়ন পেয়েছেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও দ্বাদশ নির্বাচন পরিচালনা কমিটির কো-চেয়ারম্যান কাজী জাফরউল্লাহ। তিনি এবার নিয়ে তৃতীয়বারের মতো নৌকা প্রতীক পেলেন। অন্যদিকে বর্তমান এমপি মজিবুর রহমান চৌধুরী নিক্সন দলীয় মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ঈগল প্রতীক নিয়ে নির্বাচন করছেন। এবারও তিনি নৌকার বিপক্ষে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

কাজী জাফরউল্লাহ ২০০১ সালে জাতীয় নির্বাচনে অংশ নিয়ে নির্বাচিত হন। সেই সময়ে সংসদে বিরোধী দলের আসনে থাকায় এলাকায় তেমন কোনো উন্নয়ন করতে পারেননি তিনি। ২০০৮ সালে নির্বাচিত হন কাজী জাফরউল্লাহর স্ত্রী নিলুফা জাফরউল্লাহ।

গত দুবারের এমপি নিক্সন চৌধুরী এলাকায় ব্যাপক উন্নয়ন এবং জনপ্রিয়তার কারণে আবারও আলোচনায় আছেন। এলাকার বেশিরভাগ দলীয় নেতাকর্মী গত ১০ বছর তাকে সমর্থন দিয়ে আসছেন।

ভাঙ্গা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আকরামুজ্জামান রাজা জানান, কাজী জাফরউল্লাহ দলীয় নৌকা প্রতীকের প্রার্থী। তার বিরুদ্ধে নানা সময়ে স্বতন্ত্র প্রার্থী কূটকৌশল ব্যবহার করে অপপ্রচার চালান। তিনি নৌকার প্রার্থী হলেও সারা দেশের ৩০০ আসনের কথা তাকে ভাবতে হয়। জাতীয় রাজনীতি এবং দলীয় কারণে অনেক সময় তিনি এলাকায় থাকতে পারেন না। তার মানে এই নয় যে, তিনি এলাকায় আসেন না বা জনপ্রিয় নয়।

নিক্সন চৌধুরীর নির্বাচন পরিচালনা কমিটির প্রধান সমন্বয়কারী এবং জেলা পরিষদের চেয়ারম্যান শাহদাত হোসেন বলেন, এ আসনে আওয়ামী লীগের দুর্গ হিসেবে পরিচিত হলেও নিক্সন গত ১০ বছরে এলাকায় ব্যাপক উন্নয়ন করেছেন। এ কারণেই জনপ্রিয় নেতা হিসেবে পরিচিত পেয়েছেন তিনি।