লড়াইয়ের আভাস

চাঁদপুর প্রতিনিধি : দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুর-৩ (হাইমচর-চাঁদপুর সদর) আসন থেকে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হেভিওয়েট প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন ডা. দীপু মনি। এ আসনে স্বতন্ত্রসহ বিভিন্ন দলের সাতজন প্রার্থী রয়েছেন। তাদের মধ্যে নৌকার প্রার্থীর সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা হবে স্বতন্ত্র প্রার্থী (ঈগল) চাঁদপুর জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ড. সামছুল হক ভূঁইয়ার। তিনি চাঁদপুর-৩ আসনের পাশাপাশি চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসন থেকেও একই প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

দীপু মনির সময় চাঁদপুর-হাইমচরে মেঘনা নদী ভাঙনরোধ, চাঁদপুর মেডিকেল কলেজ, চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়সহ বিভিন্ন স্কুল-কলেজ, রাস্তাঘাটের ব্যাপক উন্নয়ন হয়। উন্নয়নের ধারা অব্যাহত রাখার প্রতিশ্রুতি দিয়ে তিনি হাইমচর ও চাঁদপুর সদর উপজেলায় ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছেন। তাছাড়া তার পক্ষে মাইকিংও চলছে। তবে নৌকার পক্ষে জেলা আওয়ামী লীগের সভাপতি-সাধারণ সম্পাদককে প্রচার চালাতে দেখা যাচ্ছে না। এ ছাড়া দীপু মনির বিরুদ্ধে দুর্নীতিবাজদের পৃষ্ঠপোষকতা দেওয়ার অভিযোগ রয়েছে। মেঘনা থেকে অবৈধভাবে বালু উত্তোলনের ঘটনায় তাকে নিয়েও বিতর্কের সৃষ্টি হয়েছিল।

অন্যদিকে ড. সামছুল হক ভূঁইয়া নেতাকর্মীদের নিয়ে প্রচারে আছেন। তার পক্ষে নিয়মিত মাইকিং হচ্ছে।

চাঁদপুর জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সামছুল হক ভূঁইয়ার নির্বাচনী প্রচার কমিটির সদস্য জহিরুল ইসলাম বলেন, ‘আমরা নৌকার বিপক্ষে নই। প্রার্থী ও তার অতীত কৃতকর্মের বিরুদ্ধে আমাদের ক্ষোভ, মান-অভিমানের কারণে আমরা স্বতন্ত্র প্রার্থীর পক্ষে কাজ করছি।’

এ আসনে টানা তিনবার এমপি নির্বাচিত হওয়ায় চলতি নির্বাচনে অনেকটাই এগিয়ে ডা. দীপু মনি। আসনের প্রতিটি পর্যায়ে সক্রিয় রয়েছেন দলের নেতাকর্মীরা। তবে আওয়ামী লীগের একটি অংশের পাশাপাশি আওয়ামী লীগবিরোধী ভোটাররা ভোট দিলে পাল্টে যেতে পারে নির্বাচনী সমীকরণ।