চতুর্মুখী লড়াই

নিজস্ব প্রতিবেদক, সিলেট : গোলাপগঞ্জ ও বিয়ানীবাজার উপজেলা নিয়ে গঠিত সিলেট-৬ আসনে নির্বাচন বেশ জমে উঠেছে। আওয়ামী লীগের প্রার্থী নুরুল ইসলাম নাহিদ, আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থী সরওয়ার হোসেন, তৃণমূল বিএনপির শমসের মবিন চৌধুরী ও জাতীয় পার্টির (জাপা) প্রার্থী সেলিম উদ্দিন নির্বাচন বেশ জমিয়ে তুলেছেন। সাবেক শিক্ষামন্ত্রী, চারবারের সংসদ সদস্য নাহিদকে বিপাকে ফেলেছেন তারই দলের স্বতন্ত্র প্রার্থী কানাডা আওয়ামী লীগের সাবেক সভাপতি সরওয়ার হোসেন। আর দলবদল করে নিজ নির্বাচনী এলাকায় প্রশ্নবিদ্ধ হচ্ছেন বিএনপির সাবেক প্রভাবশালী নেতা শমসের মবিন চৌধুরী বীরবিক্রম। অন্যদিকে জাপার প্রার্থী সাবেক হুইপ সেলিম উদ্দিন। ভোটারদের কেউ কেউ বলছেন, নির্বাচনে ভালো প্রতিদ্বন্দ্বিতা হবে। আবার কেউ কেউ সন্দেহ করছেন কিংস পার্টি হিসেবে পরিচিত তৃণমূল বিএনপির প্রধান শমসের মবিন ভোটে কোনো ‘বিশেষ কৌশলে’ বিজয়ী হয়ে যান কি না, সেটা নিয়ে।

একটানা ১৫ বছরের এমপি এবং ১০ বছর মন্ত্রী থাকা অবস্থায় নাহিদ নির্বাচনী এলাকায় আশানুরূপ উন্নয়ন করতে পারেননি বলে সমালোচনা হচ্ছে। পাশাপাশি নির্বাচনী এলাকায় নেতাকর্মীদের সঙ্গেও তার দূরত্ব রয়েছে বলে দাবি করেছেন আওয়ামী লীগের অনেকে। যে কারণে আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থী কানাডা আওয়ামী লীগের প্রতিষ্ঠাকালীন সভাপতি সরওয়ার হোসেন আলোচনায় চলে এসেছেন। ঈগল প্রতীকের এই প্রার্থী দীর্ঘদিন ধরে দেশে অবস্থান করে এলাকায় নিয়মিত গণসংযোগ ও সমাজসেবামূলক কাজ করে যাচ্ছেন। আওয়ামী লীগের নেতাকর্মীদের একটি অংশও তার পক্ষে সক্রিয়।

সাবেক সচিব, খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা শমসের মবিন চৌধুরী সরকারি চাকরি থেকে অবসর নিয়ে বিএনপিতে যোগ দিয়ে খালেদা জিয়ার পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেন। সিলেট বিভাগের বিএনপি নেতাকর্মীদের কাছে তিনি ছিলেন মর্যাদার আসনে। দলবদল করে এখন তিনি প্রশ্নবিদ্ধ।

এই আসনে জাপা থেকে প্রার্থী হয়েছেন দলের চেয়ারম্যান জিএম কাদেরের আন্তর্জাতিকবিষয়ক উপদেষ্টা, সাবেক সংসদ সদস্য ও হুইপ সেলিম উদ্দিন। ২০১৪ সালে সিলেট-৫ (কানাইঘাট-জকিগঞ্জ) আসন থেকে নির্বাচিত হয়েছিলেন তিনি।

এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, বিএনপি না থাকার পরও চারজন শক্ত প্রার্থীর কারণে নির্বাচন বেশ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হয়ে উঠেছে। ভোটার উপস্থিতিও ভালো হবে বলে অনেকের ধারণা। আর নির্বাচনে জয়-পরাজয়ে আঞ্চলিকতা একটি ফ্যাক্টর হয়ে দাঁড়াতে পারে। মূল প্রতিদ্বন্দ্বী চার প্রার্থীর মধ্যে শমসের মবিন গোলাপগঞ্জের সন্তান আর নুরুল ইসলাম নাহিদ, সরওয়ার হোসেন ও সেলিম উদ্দিনের বাড়ি বিয়ানীবাজারে।