লড়াইয়ের আভাস

ফরিদপুর প্রতিনিধি : আলফাডাঙ্গা-বোয়ালমারী ও মধুখালী নিয়ে গঠিত ফরিদপুর-১ আসনে বিগত দিনের নির্বাচনগুলোতে বেশিরভাগই আওয়ামী লীগের প্রার্থীরা নির্বাচিত হয়েছেন। এ আসনটিকে আওয়ামী লীগের দুর্গ বলা হয়ে থাকে। এখান থেকে আওয়ামী লীগের প্রার্থী আবদুর রহমান একবার জয়লাভ করেছেন। গতবার তাকে মনোনয়ন দেওয়া হয়নি। অন্যদিকে তার প্রতিদ্বন্দ্বী হিসেবে মাঠে আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলনের (বিএনএম) ভারপ্রাপ্ত সভাপতি শাহ মোহাম্মদ আবু জাফর। সাবেক এ বিএনপি নেতা দলটির হয়ে একবার এবং এর আগে জাতীয় পার্টির হয়ে একবার জয়লাভ করেছেন। আওয়ামী লীগ থেকে মনোনয়ন চেয়ে না পেয়ে স্বতন্ত্র হিসেবে নির্বাচন করছেন আওয়ামী কৃষক লীগের সাবেক সহসভাপতি, সাংবাদিক আরিফুর রহমান দোলন।

আওয়ামী লীগ প্রার্থীর নির্বাচন সমন্বয়কারী, দলের বোয়ালমারী উপজেলা শাখার সাধারণ সম্পাদক শাহজাহান মৃধা পিকুল জানান, এ আসনটিতে আওয়ামী লীগের প্রার্থীরা বরাবরই জিতে আসছে। এবারের নির্বাচনেও বিপুল ভোটের ব্যবধানে জিতবে। উন্নয়ন এবং নৌকার ঘাঁটি হিসেবে এ আসনটি অন্য কোনো দলের জিতে আসার সুযোগ নেই বলে তিনি মনে করেন।

অন্যদিকে এ আসনে দুবারের সংসদ সদস্য শাহ আবু জাফর বিএনপির সাবেক নেতা। সরকারের পদত্যাগের দাবিতে আন্দোলনে থাকা বিএনপির বেশিরভাগ নেতাকর্মী নোঙর প্রতীকের এ প্রার্থীর সঙ্গে রয়েছেন। তাছাড়া এমপি থাকার সময় বেশ কিছু উন্নয়নমূলক কাজ করেছেন বীর মুক্তিযোদ্ধা ও মুজিব বাহিনীর এ অঞ্চলের প্রধান শাহ জাফর।

এ আসন থেকে স্বতন্ত্র হিসেবে নির্বাচন করছেন আওয়ামী লীগ নেতা ও সাংবাদিক আরিফুর রহমান দোলন। বিগত দিনে তিনি কখনো প্রার্থী হননি। এবারই প্রথম তিনি নির্বাচন করছেন। তার সঙ্গে স্থানীয় আওয়ামী লীগের প্রভাবশালী অনেক নেতাই রয়েছেন। বিশেষ করে ভোটব্যাংক হিসেবে পরিচিত আলফাডাঙ্গা উপজেলার আওয়ামী লীগের প্রায় সব নেতাই রয়েছেন তার সঙ্গে। রাজনীতির পাশাপাশি তিনি সমাজসেবামূলক নানা কাজ করেছেন।