হাড্ডাহাড্ডি লড়াই

মেহেরপুর প্রতিনিধি : সদর ও মুজিবনগর এলাকা নিয়ে গঠিত এই আসনে এবার আওয়ামী লীগের প্রার্থীর বিরুদ্ধে দলের সাবেক দুই এমপির মাঠে নামা নির্বাচনকে ভিন্নমাত্রা দিয়েছে। বর্তমান এমপি, জনপ্রশাসন প্রতিমন্ত্রী ও জেলা আওয়ামী লীগের সভাপতি ফরহাদ হোসেন দলের প্রার্থী। তার সঙ্গে তীব্র প্রতিদ্বন্দ্বিতা হবে স্বতন্ত্র প্রার্থী আওয়ামী লীগের দুইবারের সাবেক এমপি ও জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি অধ্যাপক আব্দুল মান্নানের (ট্রাক)। দলের সাবেক আরেক এমপি জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি জয়নাল আবেদীনও ঈগল প্রতীক নিয়ে প্রচার চালাচ্ছেন। তবে তার অবস্থা নির্বাচনী মাঠে তেমন প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নয়।

ফরহাদ হোসেন গত দুই নির্বাচনে বিজয়ী হয়েছেন। অপরদিকে স্বতন্ত্র প্রার্থী আব্দুল মান্নান ১৯৯১ (৫ম) ও ১৯৯৯ (৭ম) উপনির্বাচনে বিজয়ী হয়েছেন। ২০০১ সালে তিনি বিএনপির মাসুদ অরুণের কাছে পরাজিত হন।

ভোটাররা বলছেন, এমপিরা মন্ত্রী হলে নেতাকর্মীদের খোঁজ রাখেন না। তাদের পাশে থাকা তো দূরের কথা খোঁজ পর্যন্ত নেন না। এলাকায় আসেন না। রাজনৈতিক বা দলীয় কর্মসূচি দেন না।

দলীয় কিছু লোকজনের অভিযোগ, ফরহাদ কমিটি গঠনে ‘পকেট ও পরিবারতন্ত্র’ কায়েম করেছেন। দলে বিভক্তি, দ্বন্দ্ব চরম মাত্রায় পৌঁছেছে। তাই এবার দলের স্বার্থ এবং দলকে রক্ষার স্বার্থকে বড় করে দেখে ভোট দেবেন তারা।

অনেকেই বলছেন, ১০ বছরে মেহেরপুরে অনেক উন্নয়ন হয়েছে। প্রথম মন্ত্রী পেয়েছে জেলা। নির্বাচিত হলে আবারও মন্ত্রী হবেন ফরহাদ হোসেন। আরও উন্নয়ন হবে।

ফরহাদ হোসেনের সঙ্গে জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদককে দেখা গেলেও মাঠে অন্য কোনো নেতাকে দেখা যায় না। অন্যদিকে, আব্দুল মান্নানের পক্ষে জেলা আওয়ামী লীগের জ্যেষ্ঠ সহসভাপতি মিয়াজান আলী, সহসভাপতি আব্দুল মান্নান (ছোট), মেহেরপুর পৌর মেয়র জেলা যুবলীগের আহ্বায়ক মাহফুজুর রহমান রিটনসহ অনেকেই নেমেছেন। বেশিরভাগ সক্রিয় ও ত্যাগী নেতা মান্নানের পক্ষে অবস্থান নিয়েছেন।

জেলা আওয়ামী লীগের জ্যেষ্ঠ সহসভাপতি মিয়াজান আলী বলেন, ‘যেখানে দলের ত্যাগী নেতাকর্মীদের মূল্য নেই। অপমানিত হতে হয় সব সময়। পুরো দল এবং ক্ষমতা যেখানে পরিবারতন্ত্র ও পকেটতন্ত্রে রূপ নিয়েছে, সেখানে থাকি কী করে?’

অন্যদিকে জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক বারেকুল ইসলাম লিজন বলেন, ‘মেহেরপুর অনেক শান্তিতে আছে। কোনো চাঁদাবাজি নেই। মাস্তানি নেই। আমরা এ আসনে ফরহাদ হোসেনকে চাই।’