নতুন করে জিপিএ-৫ পেল ৭৯ জন

প্রকাশিত এইচএসসি পরীক্ষার ফলাফলকে চ্যালেঞ্জ করে উত্তরপত্র পুন:নিরীক্ষণের আবেদন করেছিল ২১ হাজার ১৭৯ জন শিক্ষার্থী। আবেদনকারীদের মধ্যে ফলাফল পরিবর্তন হয়েছে ৮৮৭ জনের। এদের মধ্যে ফেল থেকে পাশ করেছে ১৫২ জন এবং নতুন করে জিপিএ-৫ পেয়েছে ৭৯ জন শিক্ষার্থী। গত ২৬ নভেম্বর এইচএসসি পরীক্ষার ফলাফল প্রকাশের পর টেলিটক মোবাইলের মাধ্যমে পুন:নিরীক্ষণের আবেদন করেছিল শিক্ষার্থীরা। তাদের আবেদনের প্রেক্ষিতে উত্তরপত্র পুন:নিরীক্ষণ করে পরিবর্তিত এই ফলাফল গতকাল প্রকাশ করে চট্টগ্রাম শিক্ষাবোর্ড।

পরিবর্তিত ফলাফল প্রসঙ্গে জানতে চাইলে চট্টগ্রাম শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক এ এম এম মুজিবুর রহমান দেশ রূপান্তরকে বলেন, ‘এবার অনেক বেশি শিক্ষার্থী আবেদন করেছিল। সে অনুযায়ী অন্যান্য বছরের তুলনায় বেশি পরীক্ষার্থীর ফলাফলে পরিবর্তন এসেছে। আবেদনকৃত শিক্ষার্থীদের উত্তরপত্রের প্রাপ্ত নম্বরের গননায়, বৃত্ত ভরাটে ভুল কিংবা উত্তরপত্র অমূল্যায়িত থাকায় শিক্ষার্থীদের ফলাফলে পরিবর্তন এসেছে।’

জানা যায়, প্রতিবছর পাবলিক পরীক্ষা শেষে কোনো শিক্ষার্থী যদি মনে করে সে কোনো বিষয়ে প্রত্যাশার চেয়ে কম জিপিএ পেয়েছে তাহলে সংশ্লিষ্ট বিষয় পুন:নিরীক্ষণের সুযোগ রেখেছে বোর্ড কর্তৃপক্ষ। 

উল্লেখ্য, গত ২৬ নভেম্বর প্রকাশিত এইচএসএসসি পরীক্ষার ফলাফলে চট্টগ্রাম শিক্ষাবোর্ডের পাশের হার ছিল ৭৪ দশমিক ৪৫ শতাংশ।