জাবির সাবেক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ইংরেজি বিভাগের সাবেক শিক্ষার্থী জিলানী জ্যাকির ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। বুধবার (২৭ ডিসেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে মিরপুর-১১ নম্বর ভাড়া বাসা থেকে তার লাশ উদ্ধার করা হয়। তিনি বিশ্ববিদ্যালয়ের ২০১০-১১ শিক্ষাবর্ষের (৪০ ব্যাচের) শিক্ষার্থী ছিলেন।

পুলিশ ধারণা করছে জ্যাকি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। তবে কি কারণে আত্মহত্যা করতে পারেন তা এখনও নিশ্চিত হওয়া যায়নি।

জ্যাকির মৃত্যুর খবর নিশ্চিত করেছেন রাজধানীর পল্লবী থানার পরিদর্শক (তদন্ত) মেজবাহ উদ্দিন। তিনি  বলেন, ‘গলায় ওড়না প্যাচানো ঝুলন্ত অবস্থায় জ্যাকির মরদেহ পাওয়া যায়। মৃত্যুর কারণ জানতে তার মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।’

তিনি জানান, ‘এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা নেওয়া হচ্ছে। বিধি অনুযায়ী পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক মো. আফাজ উদ্দীন বলেন, ‘আমরা সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে জানতে পেরেছি জ্যাকি আত্মহত্যা করেছেন। পরে বিভাগ থেকে তার পরিবারের সঙ্গে যোগাযোগ করে তার মৃত্যুর খবর নিশ্চিত হয়েছি। তবে কি কারণে আত্মহত্যা করেছে তা জানা যায়নি।’