বাংলাদেশের বিপক্ষে হার 'হজম হচ্ছে না' নিশামের

ঘরের মাঠে বাংলাদেশের বিপক্ষে প্রথমবারের টি-টোয়েন্টিতে হার যেন মানতেই পারছেন না জিমি নিশাম। তবে যোগ্য দল হিসেবেই বাংলাদেশ জিতেছে বলে মনে করছেন নিউজিল্যান্ডের এই অলরাউন্ডার। বাংলাদেশের পেসারদের ভালো ভবিষ্যৎও দেখছেন তিনি।

নেপিয়ারে আজ বাংলাদেশের বিপক্ষে ৫ উইকেটে হেরেছে নিউজিল্যান্ড। নিজ আঙিনায় ১১ ম্যাচ পর বাংলাদেশের কাছে টি-টোয়েন্টিতে হেরেছে কিউইরা। এই পরাজয়ে দলটির ব্যাটিং ব্যর্থতার দায় স্পষ্ট। আগে ব্যাটিং করে ১৩৪ রান করেছে নিউজিল্যান্ড, যেখানে ৪৮ একাই করেছেন নিশাম। দলের বাকিদের ব্যাট থেকে এসেছে ৮৪ রান।

ম্যাচ শেষে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে আসা নিশাম বলেন, ব্যাটিং–ব্যর্থতাই তাদের হারের কারণ, ‘আমাদের উইকেট পড়ার সময়টা ভালো ছিল না। বিশেষ করে যখনই মোমেন্টাম পাচ্ছিলাম, তখনই উইকেট গেছে। আমি নিজেও অসময়ে আউট হয়েছি। এই ফল হজম করাটা কঠিনই।’

বাংলাদেশ দলের দারুণ কিছু করার তাড়না ছিল বলে মনে করেন নিশাম, ‘বাংলাদেশকে সম্পূর্ণ কৃতিত্ব দিতেই হবে। তারা ম্যাচের শুরু থেকেই খুবই প্যাশনেট ছিল। কিছু মোমেন্টামও পেয়েছে। আমাদের জন্য এটা আরেকটা দিন, যখন আরও ১৫-২০ রান বেশি করতে পারলে ম্যাচের চিত্রটা ভিন্ন হতে পারত। তবে তারা ভালো খেলেছে। জয়টা তাদের প্রাপ্য।’

নেপিয়ারের ম্যাকলিন পার্কে সিরিজের প্রথম টি-টোয়েন্টির আগে তৃতীয় ওয়ানডেতেও হেরেছিল নিউজিল্যান্ড। দুটি ম্যাচেই বোলিংয়ের তুলনায় ব্যাটিংয়ে বেশি ভুগেছে তারা। শরীফুল-মোস্তাফিজ-তানজিমদের প্রশংসাই ঝরেছে নিশামের কণ্ঠে, ‘সাম্প্রতিক সময়ে বাংলাদেশ এমন ভালো মানের কিছু পেসার পেয়েছে, যাদের নিয়ে তারা ভরসা করতে পারে। ওরা যদি এভাবে উন্নতি করতে থাকে, ভবিষ্যতে বিদেশের মাটিতে সাফল্য না পাওয়ার আমি কোনো কারণ দেখি না।’